পর্দায় যাঁর অঙ্গভঙ্গি কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটায়, আজ তাঁর চোখেই অঝোর ধারা। ৫ কোটি টাকার চেক বাউন্স মামলায় শেষ পর্যন্ত দিল্লির তিহার জেলে আত্মসমর্পণ করলেন বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব। কিন্তু জেলের গেটে পা রাখতেই নিজেকে আর সামলাতে পারলেন না তিনি। হাউহাউ করে কেঁদে ফেলে অভিনেতা আর্তনাদ করে ওঠেন— “আজ আমার কাছে কোনও টাকা নেই, পাশে দাঁড়ানোর মতো কোনও বন্ধুও নেই।”
দীর্ঘদিন ধরে চলা এই আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ২০১০ সালে একটি ছবি তৈরির জন্য বিপুল অঙ্কের ঋণ নিয়েছিলেন তিনি, যা শোধ করতে না পারায় আইনি জালে জড়িয়ে পড়েন। আত্মসমর্পণের সময় রাজপালকে অত্যন্ত বিমর্ষ দেখাচ্ছিল। তিনি আক্ষেপ করে জানান, বিনোদন জগতের জৌলুসের আড়ালে তিনি আজ কতটা একা। তাঁর এই কান্নায় ভেজা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যে। প্রিয় অভিনেতার এই দুর্দিনে ভক্তরা যেমন সমবেদনা জানিয়েছেন, তেমনই আইনের শাসনের কথাও মনে করিয়ে দিয়েছেন অনেকে।