অভিনেতা রাহুলের মৃত্যুতে রণংদেহী টলিউড! আজই কি তবে নির্ধারিত হবে কলাকুশলীদের ভাগ্য?

শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে তোলপাড় টলিউড। এই শোকাবহ ঘটনার পর শিল্পী ও টেকনিশিয়ানদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিল ফেডারেশন ও আর্টিস্ট ফোরাম। মঙ্গলবার, ৭ এপ্রিল চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজকদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেছে দুই সংগঠন। দাবি একটাই— অবিলম্বে কার্যকর করতে হবে কাজের নির্দিষ্ট নির্দেশিকা বা ‘SOP’।

এদিন বৈঠকের আগে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন। তিনি জানান, দীর্ঘ দিন ধরে সেফটি প্রোটোকল তৈরির চেষ্টা চললেও নানা বাধায় তা সম্ভব হয়নি। স্বরূপবাবুর কথায়, “শুটিংয়ের সময় নিরাপত্তা না পেলে আমাদের পক্ষে কাজ করা সম্ভব নয়। শর্টসার্কিট থেকে শুরু করে জলে তলিয়ে যাওয়া— একের পর এক দুর্ঘটনা ঘটছে। কাজ বন্ধ করা আমাদের লক্ষ্য নয়, কারণ এতে রুটিরুজি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এভাবে আমাদের কর্মীদের পরিবারকে পথে বসতে দিতে পারি না।”

উল্লেখ্য, গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় রাহুলের। অল্পের জন্য রক্ষা পান অভিনেত্রী শ্বেতা মিশ্র। এই ঘটনার পরেই আউটডোর শুটিংয়ের নিরাপত্তা নিয়ে সরব হয়েছে স্টুডিও পাড়া। আজকের বৈঠকে যদি নিরাপত্তা সংক্রান্ত জট না কাটে, তবে টলিপাড়ায় দীর্ঘস্থায়ী কর্মবিরতির আশঙ্কা করা হচ্ছে। ইম্পা-র (IMPA) সভাপতি পিয়া সেনগুপ্তও এই উদ্যোগে সম্মতি জানিয়েছেন।