বাবা ও পিসির কাছে অবহেলা আর অনাদরে বড় হয়েছে সে। ছোটবেলা থেকে মায়ের মুখ দেখেনি, এমনকি নামটুকুও জানত না। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সাত পাকে বাঁধা’র গল্পে এবার আসতে চলেছে এক বিশাল মোড়। প্রকাশ্যে আসা নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, বাড়িতে আসা এক মধ্যবয়স্ক দম্পতি হন্যে হয়ে খুঁজছেন ‘নন্দিতা’র মেয়েকে। তখনই জানা যায়, শাওন আসলে এই নন্দিতারই সন্তান। নিজের মায়ের পরিচয় প্রথমবার জানতে পেরে স্তম্ভিত শাওন। কেন এতদিন তার কাছে এই সত্যি গোপন রাখা হয়েছিল? এর পিছনে কি কোনও গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে? উত্তর মিলবে আগামী পর্বগুলিতে।
এদিকে ধারাবাহিকের সম্প্রচারের সময়েও এসেছে বড় বদল। গত ১৩ এপ্রিল থেকে বিকেল সাড়ে পাঁচটার পরিবর্তে সন্ধ্যা ছ’টায় দেখা যাচ্ছে শুভ ও শাওনের লড়াই। রাহুল মজুমদার ও সম্পূর্ণা রক্ষিতের নতুন জুটিকে ইতিমধ্যেই আপন করে নিয়েছেন দর্শক। অন্যদিকে, ‘বেশ করেছি প্রেম করেছি’ শেষ হওয়ায় সেই জায়গা নিয়েছে এই ধারাবাহিক। দেবদূত ঘোষ ও চান্দ্রেয়ী ঘোষের বলিষ্ঠ অভিনয় গল্পের মোড়কে আরও জমজমাট করে তুলেছে। এখন দেখার, নতুন সময়ে টিআরপি তালিকায় কতটা ঝড় তুলতে পারে ‘সাত পাকে বাঁধা’।





