ভারতীয় সংগীত জগতের এক যুগের অবসান হলো। কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে গত ১২ এপ্রিল ৯২ বছর বয়সে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর প্রয়াণে শোকাতুর গোটা দেশ। তবে এই বিদায়ে সবথেকে বেশি ভেঙে পড়েছেন সত্তর দশকের হার্টথ্রব অভিনেত্রী মুমতাজ। সোশ্যাল মিডিয়ায় আশাজির সঙ্গে কাটানো একটি পুরনো ভিডিও শেয়ার করে স্মৃতিচারণ করেছেন তিনি।
মুমতাজ লিখেছেন, “আশা জি শুধু একটি কণ্ঠ ছিলেন না, আমার প্রতিটি পারফরম্যান্সের নেপথ্যে থাকা প্রাণভোমরা ছিলেন তিনি। আজ নিজেকে বড্ড একা লাগছে।” উল্লেখ্য, ‘লোফার’ ছবির কালজয়ী গান ‘কই শহরি বাবু’-তে মুমতাজের সেই আইকনিক নাচের নেপথ্যে ছিল আশা ভোঁসলের জাদুকরী কণ্ঠ। শেয়ার করা ভিডিওটিতে দেখা গিয়েছে, গানের তালে পর্দায় যেভাবে মুমতাজ নেচেছিলেন, অফ-ক্যামেরা আশাজিও তাঁর সঙ্গে একইভাবে পা মেলাচ্ছেন।
দীর্ঘ আট দশকের দীর্ঘ কেরিয়ারে ১২ হাজারেরও বেশি গান গেয়েছেন আশা ভোঁসলে। ঝুলিতে রয়েছে দাদাসাহেব ফালকে ও পদ্মবিভূষণের মতো সম্মান। ‘দিল চিজ কেয়া হ্যায়’ থেকে ‘মেরা কুছ সামান’— তাঁর প্রতিটি সৃষ্টিই আজ ইতিহাসের অংশ। সুরের জাদুকরী পৃথিবী ছেড়ে চলে গেলেও তাঁর গান কোটি কোটি ভক্তের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে।





