বলিউডের জনপ্রিয় অভিনেতা সলমন খান তাঁর আসন্ন সিনেমা ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছেন। লাদাখে কঠিন পরিস্থিতিতে সিনেমার একটি অংশের শ্যুটিং শেষ করার পর তিনি আপাতত বিশ্রামে আছেন।
জানা গেছে, লাদাখে তাপমাত্রা ছিল মাইনাস ১০ ডিগ্রিরও নিচে। সেখানে অক্সিজেনের মাত্রা কম থাকায় শ্যুটিং করা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। এই প্রতিকূল পরিবেশে একটানা ৪৫ দিন কাজ করার পর সলমন সহ তাঁর টিমের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এই কারণে মুম্বইতে বাকি অংশের শ্যুটিং শুরু করার আগে সলমন কিছুদিনের জন্য বিরতি নিয়েছেন।
উল্লেখ্য, এই সিনেমার শ্যুটিংয়ের সময় সলমনকে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল। তাঁর বাড়িতে গুলি চলার ঘটনার পর থেকেই নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে হুমকির কারণে সলমনকে সবসময় চতুর্থ স্তরের নিরাপত্তা বলয় ঘিরে রাখে।
১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনার পর থেকেই বিষ্ণোই সম্প্রদায়ের পক্ষ থেকে সলমনকে হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি ২০২৪ সালের অক্টোবরে সলমনের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকী-কে খুন করা হয়, যার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। শ্যুটিং সেটেও আধার কার্ড ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না, এবং এই কঠোর নিরাপত্তা মুম্বইয়ের শ্যুটিং ও সিনেমার প্রচারের সময়ও বজায় থাকবে।





