নিজের বাড়িতেই আক্রান্ত গোবিন্দা! প্রাণনাশের হুমকির মাঝেই বড় বিপদের মুখে অভিনেতা

বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দার নিরাপত্তা নিয়ে এবার বড়সড় প্রশ্নের মুখে মায়ানগরী। অভিনেতার ম্যানেজার শশী সিনহা এক চাঞ্চল্যকর সাক্ষাৎকারে দাবি করেছেন, গত কয়েকদিন ধরে লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন গোবিন্দা। এমনকি মুম্বইয়ের জুহুর বাসভবনে তাঁকে লক্ষ্য করে হামলার চেষ্টাও চালানো হয়েছে বলে অভিযোগ। তবে নিজের তৎপরতায় এবং লাইসেন্সপ্রাপ্ত রিভলভারের সাহায্যে সেই বিপদ থেকে রক্ষা পান তিনি।

ঠিক কী ঘটেছিল সেই রাতে? ম্যানেজার শশী সিনহার দাবি অনুযায়ী, হুমকির ফোন আসাটা এখন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। হামলার ঘটনার দিন ভোর চারটে নাগাদ তিনি অভিনেতার কাছে পৌঁছান। শশী বলেন, “ওঁর উপস্থিত বুদ্ধি এবং কাছে বন্দুক থাকায় পরিস্থিতি সামলানো গেছে। আমরা পুলিশের কাছে এফআইআর দায়ের করেছি এবং সেই রাতের ভিডিও ফুটেজও আমাদের হাতে আছে।” যদিও ঘটনার সঠিক দিনক্ষণ এখনও গোপনীয় রাখা হয়েছে।

পুরনো বিতর্ক ও ব্যক্তিগত টানাপোড়েন: ২০২৪ সালে নিজের রিভলভার পরিষ্কার করার সময় গুলিবিদ্ধ হয়েছিলেন গোবিন্দা। তখন পুলিশ একে নিছক দুর্ঘটনা বললেও, নতুন করে এই হামলার অভিযোগ সেই জল্পনাকে উসকে দিল। এদিকে অভিনেতার ব্যক্তিগত জীবনও এখন সংবাদ শিরোনামে। স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে তাঁর সম্পর্কের তিক্ততা প্রকাশ্যে এসেছে। সুনীতা তাঁর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন। একদিকে পারিবারিক বিবাদ, অন্যদিকে প্রাণনাশের হুমকি— সব মিলিয়ে গোবিন্দার জীবন এখন বেশ টালমাটাল। মুম্বই পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy