হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন বলিউড সুপারস্টার সলমন খান। জানা গেছে, লাদাখে তাঁর নতুন ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’-এর একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই তিনি অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত উচ্চতায় অক্সিজেনের অভাব এবং কনকনে ঠান্ডার কারণেই সলমন এই সমস্যায় পড়েছেন বলে জানা গেছে।
লাদাখের যে অঞ্চলে সলমন শুটিং করছিলেন, সেখানকার তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। প্রায় ১৫ দিন ধরে এই প্রতিকূল আবহাওয়ায় শুটিং করার সময়ই তিনি আহত হন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর চোট গুরুতর নয়, তবে সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন। বর্তমানে সলমন মুম্বইয়ে নিজের বাড়িতেই বিশ্রামে আছেন।
কিছু মাস আগে সলমন তার এই নতুন ছবির প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। বরফ ঢাকা উপত্যকায় রক্তাক্ত ও মারকুটে অবতারে তার অ্যাকশন-প্যাকড চেহারা ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছিল। জানা গেছে, সলমন পুরোপুরি সুস্থ হলে মুম্বইতেই ছবিটির বাকি অংশের শুটিং শুরু হবে।





