হস্তরেখা শাস্ত্র বা পামিস্ট্রি কেবল ভারতেই নয়, প্রাচীনকাল থেকেই বিশ্বজুড়ে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। বিশ্বাস করা হয়, মানুষের হাতের তালুর ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে জীবনের হাজারো না বলা রহস্য। হস্তরেখা থেকে কেবল মানুষের স্বভাব বা চরিত্র নয়, বরং সম্পদ, ক্যারিয়ার, আয়ু এবং সম্পর্কের গভীরতাও অনুমান করা সম্ভব। তবে মানুষের সবথেকে বড় কৌতূহল থাকে নিজের বিয়ে এবং হবু জীবনসঙ্গীকে নিয়ে। আজ জেনে নিন, হাতের রেখা দেখে কীভাবে বুঝবেন আপনার বিয়ে প্রেম করে হবে নাকি পরিবারের পছন্দে।
প্রেম না কি দেখাশোনা করে বিয়ে? চিনে নিন ‘বিবাহ রেখা’ হস্তরেখা শাস্ত্র অনুযায়ী, হাতের তালুর এক প্রান্তে—কনিষ্ঠ আঙুলের ঠিক নিচে এবং হৃদয় রেখার ওপরে যে রেখাটি আড়াআড়িভাবে অবস্থান করে, তাকেই বলা হয় ‘বিবাহ রেখা’। এই রেখাটির গতিবিধি দেখেই বলে দেওয়া সম্ভব আপনার বিয়ের ধরন:
লভ ম্যারেজ বা প্রেম করে বিয়ে: যদি আপনার হাতের বিবাহ রেখাটি ওপরের দিকে সামান্য বেঁকে হৃদয় রেখার দিকে অগ্রসর হয়, তবে তা প্রেমঘটিত বিয়ের জোরালো লক্ষণ। এই ধরনের ব্যক্তিরা সাধারণত নিজেদের জীবনসঙ্গী নিজেরাই বেছে নেন এবং প্রেমের সম্পর্কটি পরিণয়ে রূপ পাওয়ার সম্ভাবনা প্রবল থাকে।
অ্যারেঞ্জড ম্যারেজ বা পারিবারিকভাবে বিয়ে: যদি বিবাহ রেখাটি একেবারে সোজা, স্পষ্ট এবং হৃদয় রেখা থেকে বেশ কিছুটা দূরত্বে অবস্থান করে, তবে তা পারিবারিক সম্মতিতে বিয়ের ইঙ্গিত দেয়। এক্ষেত্রে দাম্পত্য জীবন সাধারণত অত্যন্ত স্থিতিশীল এবং সুখের হয় বলে মনে করা হয়।
কখন হবে বিয়ে? দ্রুত না কি দেরিতে? আপনার বিয়ের বয়স কত হবে, তাও বলে দেয় এই বিশেষ রেখাটি। যদি বিবাহ রেখাটি হৃদয় রেখার খুব কাছাকাছি থাকে, তবে বুঝতে হবে খুব অল্প বয়সেই বিয়ের যোগ রয়েছে। আর যদি এই রেখাটি হৃদয় রেখা থেকে অনেকটা দূরে, অর্থাৎ কনিষ্ঠ আঙুলের ঠিক মাঝামাঝি জায়গায় থাকে, তবে তা সাধারণত বিলম্বে বা কিছুটা দেরিতে বিয়ের ইঙ্গিত বহন করে।
শুভ না অশুভ? রেখার গঠন বলে দেবে সব বিয়ের রেখাটি যত গভীর, স্পষ্ট এবং নিরবচ্ছিন্ন হবে, দাম্পত্য জীবন ততটাই মসৃণ ও আনন্দময় হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি এই রেখাটি মাঝপথে ভেঙে যায় বা অস্পষ্ট হয়ে পড়ে, তবে তা জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বা নানা চড়াই-উতরাইয়ের সংকেত দেয়।
এছাড়াও, বিবাহ রেখার শুরুতে কোনো অদ্ভুত চিহ্ন থাকা বা রেখাটি হৃদয় রেখাকে অতিক্রম করে চলে যাওয়াকে হস্তরেখা শাস্ত্রে অশুভ বলে ধরা হয়। অনেক সময় একাধিক ছোট ছোট রেখার উপস্থিতি জীবনের একাধিক গভীর সম্পর্কের কথা জানান দেয়।
নিজের হাতের তালু একবার ভালো করে লক্ষ্য করুন তো, আপনার ভাগ্যে কী লেখা আছে?





