পাঞ্জাবের ওপেনিংয়ে ‘বডি অ্যাটাক’! অশ্বিনের নিশানায় প্রিয়াংশ-প্রভসিমরন, পন্টিং কি পারবেন বাঁচাতে?

আইপিএল ২০২৬-এর শুরুতে দাপট দেখালেও লিগ টেবিলের লড়াই যত এগোচ্ছে, ততই যেন খেই হারিয়ে ফেলছে শ্রেয়স আয়ারের নেতৃত্বাধীন পঞ্জাব কিংস। গ্রুপ স্টেজ থেকে দুর্দান্ত শুরু করা এই দল এখন টানা তিন ম্যাচে হার স্বীকার করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে এসেছে। বিশেষ করে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ২৩৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিংয়ের মতো প্রতিভাবান ওপেনারদের ব্যর্থতা এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওই ম্যাচে প্রিয়াংশ মাত্র ১ রান এবং প্রভসিমরন ৩ রানে প্যাভিলিয়নে ফেরেন।

পঞ্জাব কিংসের এই ধারাবাহিক ব্যর্থতা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন অভিজ্ঞ ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে এক আলোচনায় অশ্বিন সরাসরি পঞ্জাবের ওপেনারদের টেকনিক্যাল সমস্যার দিকে আঙুল তুলেছেন। অশ্বিন বলেন, “এটা দেখা বেশ মজার হবে যে পঞ্জাবের ওপেনাররা এই খারাপ ফর্ম থেকে কীভাবে ফিরে আসে। এটাই পঞ্জাব কিংসের আগামী ম্যাচগুলোর জন্য ভাগ্য নির্ধারণ করবে।”

অশ্বিন আরও গভীরে গিয়ে বিশ্লেষণ করেছেন যে, কেন তরুণ এই ব্যাটাররা বারবার আউট হচ্ছেন। তাঁর মতে, বিপক্ষ দলগুলি তাদের দুর্বলতা ধরে ফেলেছে। অশ্বিন বলেন, “আমি বলছি না যে প্রভসিমরন বা প্রিয়াংশ লড়াই করতে পারছে না, কিন্তু সব দলই এখন তাদের শরীরের ওপর লক্ষ্য করে বল করার পরিকল্পনা নিয়েছে। কেউ এখন তাদের স্টাম্পে মারার চেষ্টাই করছে না। বডি লাইন শর্ট বলের সামনে তারা অস্বস্তিতে পড়ছে।”

অশ্বিন পরামর্শ দিয়েছেন যে, প্রিয়াংশ আর্যকে শিখতে হবে কীভাবে শরীরের কাছের ছোট ডেলিভারিগুলো সামলাতে হয়। তিনি অভিষেক শর্মার উদাহরণ দিয়ে জানান যে, একটু জায়গা তৈরি করে নিয়ে শট খেলাটা জরুরি। মজার বিষয় হলো, পঞ্জাব কিংসের ডাগআউটে কোচ হিসেবে রয়েছেন রিকি পন্টিং, যাকে বিশ্বের অন্যতম সেরা ‘পুল শট’ খেলোয়াড় হিসেবে ধরা হয়। অশ্বিনের আশা, পন্টিংয়ের রণকৌশল এবং পরামর্শ এই দুই তরুণকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।

আগামী ১১ই মে ধরমশালার এইচপিসিএ স্টেডিয়ামে টুর্নামেন্টের ৫৫তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে পঞ্জাব কিংস। দিল্লির সাম্প্রতিক ফর্মের তুলনায় পঞ্জাব কিছুটা এগিয়ে থাকলেও, ওপেনিং জুটির ব্যর্থতা না মিটলে ফের হারের মুখ দেখতে হতে পারে প্রীতি জিন্টার দলকে। অশ্বিনের এই সতর্কবার্তার পর এখন দেখার বিষয়, পন্টিংয়ের শিষ্যরা দিল্লির বিরুদ্ধে কোনো বিশেষ রণকৌশল নিয়ে মাঠে নামেন কি না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy