“ওয়াইফাইয়ে চলবে না চ্যাট!”-ফোন থেকে সিম খুললেই খেলা শেষ? জেনেনিন নতুন নিয়ম

WhatsApp, Telegram-সহ একাধিক জনপ্রিয় মেসেজিং অ্যাপ ব্যবহারের নিয়মে খুব শীঘ্রই এক বিরাট পরিবর্তন আসতে চলেছে। কেন্দ্রীয় টেলিকম দফতরের (DoT) নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে বাধ্যতামূলক হতে চলেছে ‘সিম বাইন্ডিং’ (SIM Binding)। এই নিয়ম চালু হলে মেসেজিং অ্যাপের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি নির্দিষ্ট ফোনে থাকা এবং সক্রিয় থাকা বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে। অর্থাৎ, যে ফোনে আপনি WhatsApp বা Telegram চালাবেন, ঠিক সেই ফোনেই ওই অ্যাকাউন্ট সংক্রান্ত মূল সিমটি থাকতে হবে।
কী এই সিম বাইন্ডিং এবং কেন এই বদল?
এতদিন পর্যন্ত একবার ওটিপি (OTP) দিয়ে নম্বর যাচাই করার পর শুধুমাত্র ওয়াইফাই (Wi-Fi) ব্যবহার করেই বিভিন্ন ডিভাইসে WhatsApp বা Telegram চালানো যেত। এমনকি মূল সিমটি ফোনে না থাকলেও বা অন্য ট্যাবলেটে এই অ্যাপগুলি অনায়াসে ব্যবহার করা যেত। কিন্তু নতুন নিয়ম কার্যকর হলে সেই পুরনো সুবিধায় বড় ধরনের ছেদ পড়তে চলেছে।
কেন্দ্রীয় টেলিকম দফতর সূত্রে জানা গিয়েছে, সাইবার অপরাধ ও ডিজিটাল জালিয়াতির ঝুঁকি কমাতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, সিম কার্ড খুলে নেওয়া বা নিষ্ক্রিয় করে দেওয়ার পরেও পুরনো ভেরিফিকেশনের সুযোগ নিয়ে দূর থেকে অ্যাকাউন্ট চালানো হচ্ছে। যার সুযোগ নিয়ে একশ্রেণির প্রতারক চক্র ডিজিটাল অ্যারেস্ট, পরিচয় জালিয়াতী বা ঋণের নামে জালিয়াতির মতো অপরাধ ঘটাচ্ছে। এই ধরনের আন্তঃসীমান্ত অপরাধ ঠেকাতেই এই নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে।
কারা সবথেকে বেশি সমস্যায় পড়বেন?
নতুন এই নিয়ম কার্যকর হলে সমস্যায় পড়তে পারেন এমন ব্যবহারকারীরা—
যাঁরা সাধারণত ওয়াইফাই-নির্ভর ট্যাবলেটে সিম ছাড়াই মেসেজিং অ্যাপ ব্যবহার করেন।
যাঁরা কাজের সূত্রে বা অন্য কারণে ঘনঘন সিম কার্ড বা ফোন বদল করেন।
যাঁরা বিদেশে গিয়ে ভারতীয় নম্বরের বদলে অন্য দেশের সিম ব্যবহার করেন, অথচ পুরনো নম্বরটি ওয়াইফাইয়ের মাধ্যমে সচল রাখতে চান।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই নিয়ম পুরোপুরি কার্যকর করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ ইতিমধ্যে অ্যান্ড্রয়েড ফোনে সিম বাইন্ডিংয়ের পরীক্ষামূলক কাজ শুরু করে দিয়েছে। অন্যদিকে অ্যাপল সংস্থাও আইফোনের জন্য বিশেষ সফটওয়্যার আপডেট এনেছে, যা ডিভাইসে সিম কার্ডের উপস্থিতি ট্র্যাক করতে সাহায্য করবে। তবে নতুন বছরের প্রথম দিনেই সমস্ত অ্যাকাউন্ট হঠাত্ করে বন্ধ হয়ে যাবে না, কিন্তু প্ল্যাটফর্মগুলির নিয়মনীতি মেনে ব্যবহারকারীদের এই পরিবর্তন মেনে চলতেই হবে।