প্রিয়াঙ্কা বনাম রাহুল কোন্দল? রাইহানের প্রদর্শনী বিতর্ক নিয়ে রাহুলের রহস্যজনক নীরবতায় বড় ফাটল কংগ্রেসের অন্দরে!

গান্ধী পরিবারের অন্দরে কি তবে বড়সড় ভাঙন দানা বাঁধছে? প্রিয়াঙ্কা গান্ধী বঢরার পুত্র রাইহান ভঢরার সাম্প্রতিক শিল্প প্রদর্শনী ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং সেই ইস্যুতে রাহুল গান্ধীর চরম নীরবতা নিয়ে এবার তীব্র রাজনৈতিক তরজা শুরু করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গেরুয়া শিবিরের দাবি, এই গোটা ঘটনায় কংগ্রেসের অন্দরে ‘প্রিয়াঙ্কা বনাম রাহুল’ সংঘাত এখন স্পষ্ট রূপ নিচ্ছে।

সম্প্রতি দিল্লির ঐতিহ্যবাহী ‘বিকানের হাউস’-এ রাইহান ভঢরার প্রদর্শনী ‘নো আইডিয়া ইজ ফাইনাল’ শুরু হওয়ার ঠিক আগে প্রায় ৭০টিরও বেশি ছবি সরিয়ে ফেলার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। ওই ছবিগুলির মধ্যে জাতীয় রাজধানীতে তরুণদের নেতৃত্বে চলা সাম্প্রতিক প্রতিবাদের কিছু দৃশ্যও ছিল। বিকানের হাউস কর্তৃপক্ষের সাফাই, এই ভেন্যুতে আয়োজিত প্রদর্শনী মূলত সংস্কৃতি, শিল্প ও বন্যপ্রাণী বিষয়ক হওয়ার কথা, কিন্তু সরিয়ে নেওয়া ছবিগুলিতে সরাসরি রাজনৈতিক বার্তা ও প্রতিবাদের ছবি থাকায় তা তাদের নীতিমালার পরিপন্থী। এই ঘটনার কড়া সমালোচনা করে প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন, যারা ক্ষমতায় রয়েছে তারা তরুণদের কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা করছে।

অন্যদিকে, এই পুরো বিতর্ককে হাতিয়ার করে কংগ্রেস শিবিরে অন্তর্কলহের তত্ত্ব সামনে এনেছে বিজেপি। দলের জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রশ্ন তুলেছেন, ভিয়েতনামে বসে পৃথিবীর নানা আন্তর্জাতিক বিষয় নিয়ে এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করতে পারলেও রাহুল গান্ধী কেন এখনও পর্যন্ত রাইহান ভঢরার সমর্থনে একটি টুঁ শব্দও করলেন না?

বিজেপির জোরালো অভিযোগ, রাইহানকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই পরিবারের চাপে মূল প্রস্তাবের বাইরে গিয়ে পরবর্তীতে এই রাজনৈতিক প্রতিবাদের ছবিগুলি প্রদর্শনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর এই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে কেন্দ্র করেই কি গান্ধী পরিবারের অন্দরে প্রিয়াঙ্কা ও রাহুলের শিবিরের দূরত্ব বাড়ছে—এমন জল্পনাই এখন উসকে দিচ্ছে বিজেপি।