১০ টাকার ছেঁড়া নোট নিতে না চাওয়ায় মার ও চরম অপমান! জন্মদিনের ঠিক আগের দিন আত্মঘাতী ডেলিভারি বয়

সামান্য ১০ টাকার একটি ছেঁড়া নোট নিতে অস্বীকার করার মাশুল দিতে হলো প্রাণ দিয়ে। জন্মদিনের ঠিক আগের দিন চরম অপমানের জেরে আত্মঘাতী হলেন ২৪ বছর বয়সি এক ডেলিভারি এগজিকিউটিভ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দিল্লিতে। মৃত যুবকের নাম সমীর হুসেন। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত কাস্টমার ও তার এক প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ অক্টোবর পূর্ব দিল্লির বিনোদনগরের বাসিন্দা সমীর একটি কফির জার নিয়ে ৬৫ বছর বয়সি রামপাল সিং নামে এক গ্রাহকের কাছে যান। পেমেন্টের সময় রামপাল তাঁকে একটি ১০ টাকার ছেঁড়া নোট দিতে গেলে সমীর তা নিতে আপত্তি জানান। অভিযোগ, এর পরেই সমীরের ওপর চড়াও হন রামপাল এবং তাঁর প্রতিবেশী ৩০ বছর বয়সি রাকেশ। সমীরকে এলোপাথাড়ি চড়-থাপ্পড় মারার পাশাপাশি ‘মধ্যবিত্ত’ বলে চরম কটূক্তি করা হয় এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে মারধরের হুমকি দেওয়া হয়।
এই ঘটনার পরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছিলেন সমীর। কিন্তু মানসিক আঘাত ও চরম অপমানের জেরে গত ৫ অক্টোবর, অর্থাৎ নিজের জন্মদিনের ঠিক একদিন আগেই বিষপান করে আত্মহননের পথ বেছে নেন ওই যুবক। মৃত্যুর আগে নিজের মোবাইল ফোনে পুরো ঘটনার কথা রেকর্ড করে যান সমীর। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আমার আত্মসম্মান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে বিচার না পেলে আমি শেষ হয়ে যাব।”
পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থ বাবার চিকিৎসার খরচ জোগাতে এবং নিজের উচ্চশিক্ষার জন্য টাকা জমাতেই এই ডেলিভারির কাজ করতেন সমীর। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পূর্ব দিল্লির ডিসিপি রাজীব কুমার জানিয়েছেন, মৃত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যার প্ররোচনার মামলা রুজু করে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।