শতরান হাতছাড়া হওয়ার আক্ষেপ দূর! সচিন তেন্ডুলকরকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা

নিউ চণ্ডীগড়ে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও বিশ্বক্রিকেটে এক ঐতিহাসিক মাইলস্টোন স্পর্শ করলেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা। সেঞ্চুরির খুব কাছে পৌঁছে মাত্র ৯২ রান করে সাজঘরে ফিরতে হলেও, এই ম্যাচেই ওপেনার হিসেবে ওডিআই ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রান পূর্ণ করার মেগা নজির গড়লেন ‘মুম্বইকর’। সচিন তেন্ডুলকর, সনথ জয়সূর্য এবং ক্রিস গেইলের পর বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে এই বিশেষ ক্লাবে নাম লেখালেন তিনি।

এর আগের ম্যাচেই ওডিআই ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন রোহিত। আর শনিবার নিয়মরক্ষার তৃতীয় ওডিআই ম্যাচে মাত্র ২ রান করতেই ওপেনার হিসেবে ১০,০০০ ওডিআই রানের অবিশ্বাস্য নজির গড়েন তিনি। এতদিন ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার ওডিআই রান পূর্ণ করার এই রেকর্ডের শীর্ষে ছিলেন স্বয়ং ‘মাস্টার-ব্লাস্টার’ সচিন তেন্ডুলকর। এই মাইলস্টোনে পৌঁছতে সচিনের লেগেছিল ২১৪ ইনিংস। অথচ রোহিত শর্মা সেই রেকর্ড ভেঙে মাত্র ২০২ ইনিংসেই ওপেনার হিসেবে ১০ হাজার রানের ক্লাবে প্রবেশ করে বিশ্বরেকর্ড নিজের দখলে নিলেন।

চলতি সিরিজে ইতিমধ্যে প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। এদিন প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মার দুর্দান্ত ৮৫ বলে ৯২ রানের (১০টি চার ও ৩টি ছক্কা) ইনিংসের ওপর ভর করে বড় রানের ভিত পায় ভারত। এরপর ক্রিজে নেমে ৮৭ বলে ১২৯ রানের বিধ্বংসী ও অপরাজিত ইনিংস খেলে ভারতের স্কোর সাড়ে তিনশো পার করে দেন কেএল রাহুল। এছাড়া রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকেও আসে গুরুত্বপূর্ণ ৫৭ রান। সবমিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫০ গণ্ডি পেরিয়ে বিশাল রান তোলে ভারত। সেঞ্চুরি মিস করার আক্ষেপ থাকলেও রোহিতের এই ঐতিহাসিক বিশ্বরেকর্ড ভারতীয় ক্রিকেট মহলে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।

Pratik Saha
  • Pratik Saha