‘জো হজুর হতে পারব না!’ পিসিবি-র মুখোশ টেনে ছিঁড়লেন প্রাক্তন কোচ জেসন গিলেসপি

পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি (PCB)-র অন্দরের আসল ছবিটা সকলের সামনে এনে দিলেন দলের প্রাক্তন হেড কোচ জেসন গিলেসপি। দায়িত্ব ছাড়ার দীর্ঘ সময় পরেও পাকিস্তানের কোচ থাকাকালীন কীভাবে তাঁকে অপমান করা হত এবং তাঁর কোচিং নিয়ে প্রশ্ন তোলা হত, তা নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন এই অস্ট্রেলিয়ান প্রাক্তন তারকা। শুধু তাই নয়, তাঁর বেতনের কয়েক হাজার মার্কিন ডলার আজও পিসিবি বকেয়া রেখেছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।
বকেয়া পারিশ্রমিক ও নীতিগত অবস্থান
একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গিলেসপি জানান, পাকিস্তানের ক্রিকেটের বর্তমান বেহাল দশা দেখে তাঁর খারাপ লাগে। ক্ষমতাসীন কর্তাদের অন্যায়ের প্রতিবাদ করার খেসারত তাঁকে দিতে হয়েছে। পিসিবি-র কাছে হাজার হাজার ডলার পারিশ্রমিক আটকে থাকা সত্ত্বেও তিনি নিজের নীতি থেকে একচুলও সরেননি। ২০২৪ সালের ডিসেম্বরে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে তাঁকে বরখাস্ত করা হয়। অথচ দায়িত্ব নেওয়ার এক বছরও পূর্ণ হয়নি তখন। প্রায় দু’বছর কেটে গেলেও বোর্ড এখনও তাঁর পাওনা মেটায়নি।
গিলেসপির স্পষ্ট কথা, তিনি আজও ওদের থেকে কয়েক হাজার ডলার পান, যা বোর্ড দেয়নি। কিন্তু তবুও তিনি কখনও কর্তাদের ‘জো হজুর’ হতে পারবেন না এবং নিজের নীতির সঙ্গে আপস করবেন না। তাঁর দাবি, তিনি যদি চুপ থেকে সব মেনে নিতেন, তবে ঠিক সময়ে টাকা পেয়ে যেতেন। কিন্তু মেরুদণ্ড বিক্রি করে তা করা তাঁর পক্ষে সম্ভব ছিল না।
আকিব জাভেদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ
দায়িত্ব নেওয়ার সময় তাঁকে দেশের হারিয়ে যাওয়া ফাস্ট-বোলিং সংস্কৃতি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এমন পিচ তৈরির পরিকল্পনা ছিল যেখানে বাড়তি বাউন্স ও ক্যারি থাকবে, যাতে পেসাররা নিজেদের মেলে ধরতে পারেন। কিন্তু পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার আকিব জাভেদ নির্বাচক হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। গিলেসপির অভিযোগ, জাভেদ ধীরে ধীরে দলের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে একচ্ছত্র নিয়ন্ত্রণ কায়েম করেন। শুরুতে টেস্ট দল পরিচালনা ও নির্বাচনে তাঁর ভূমিকা থাকলেও, পরে তাঁকে সম্পূর্ণ গুরুত্বহীন করে দেওয়া হয়।
অন্য একটি পডকাস্টেও আকিব জাভেদের চরম প্রভাব নিয়ে সরব হয়েছেন গিলেসপি। তাঁর প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের পারফরম্যান্স লাগাতার খারাপ হওয়া সত্ত্বেও কীভাবে আকিব এখনও নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে টিকে রয়েছেন? গিলেসপির অভিযোগ, পাকিস্তান ক্রিকেটের বর্তমান করুণ দশার জন্য আকিব তাঁদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন, অথচ গ্যারি কার্স্টেন এবং তিনি প্রায় দু’বছর ধরে আর সেখানে নেই।