“৪ বার লেনদেনের পরেই লাগবে টাকা!”-স্টেট ব্যাঙ্কের নতুন চার্জ নিয়ে জল্পনা তুঙ্গে!

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI-এর বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট (BSBD) অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য বড়সড় নিয়মে পরিবর্তন আসতে চলেছে। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হতে চলা এই নতুন নিয়মের ফলে ক্যাশ উইথড্রয়াল বা টাকা তোলার ক্ষেত্রে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে গ্রাহকদের।
নতুন নিয়ম অনুযায়ী, BSBD অ্যাকাউন্টের গ্রাহকরা প্রতি মাসে মাত্র চারটি ক্যাশ উইথড্রয়াল সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। তবে এই সীমার বেশি টাকা তুলতে গেলে অতিরিক্ত প্রতিটি লেনদেনের জন্য ১৫ টাকা এবং তার সঙ্গে প্রযোজ্য জিএসটি (GST) দিতে হবে। শুধু তাই নয়, বিনামূল্যে টাকা তোলার মাসিক চারটি লেনদেনের হিসাব করার নিয়মেও বড় পরিবর্তন আনছে ব্যাঙ্ক।
আগের নিয়মে ডিজিটাল ট্রানজাকশনগুলিকে এই মাসিক চারবার ফ্রি উইথড্রয়ালের হিসাবের বাইরে রাখা হতো। কিন্তু নতুন কাঠামো অনুযায়ী সেই সুবিধা আর থাকছে না। এখন থেকে এসবিআই এটিএম, অন্যান্য ব্যাঙ্কের এটিএম, ব্যাঙ্কের শাখা এবং আধার এনেবলড পেমেন্ট সিস্টেম বা AEPS-এর মাধ্যমে করা সমস্ত ক্যাশ ট্রানজাকশন এই চারটি বিনামূল্যের সীমার মধ্যেই ধরা হবে।
বিশেষ করে নিম্ন আয়ের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি বা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে উৎসাহিত করতেই এই বিশেষ অ্যাকাউন্টগুলির সূচনা করা হয়েছিল। এই অ্যাকাউন্টে ন্যূনতম বা মিনিমাম ব্যালেন্স বজায় রাখার কোনো বাধ্যবাধকতা না থাকায় সাধারণ মানুষের কাছে এটি অত্যন্ত জনপ্রিয়। তবে ঘন ঘন নগদ তোলার অভ্যাস থাকলে নতুন নিয়মের জেরে এবার পকেট থেকে বাড়তি খরচ হতে পারে। তাই এই পরিবর্তনের বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।