সুগার ড্যাডি আপনাকে ফাঁদে ফেলছে না তো, জেনেনিন বুঝবেন কিভাবে?

অনলাইনে পরিচয়, দামি উপহারের প্রতিশ্রুতি, বিলাসবহুল রেস্তোরাঁয় ডিনার কিংবা বিলাসী জীবনযাপনের হাতছানিতে অনেকেই অনেক সময় বয়সে বড় পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্পর্কটিকে শুরুতে যতই রোমাঞ্চকর ও স্বপ্নের মতো মনে হোক না কেন, সব ক্ষেত্রে তা নিরাপদ নাও হতে পারে। কারণ এই আকর্ষণের আড়ালেই লুকিয়ে থাকতে পারে সুগার ড্যাডি ফাঁদ (Sugar Daddy Trap)। অর্থনৈতিক সুবিধা বা বিলাসী জীবনযাপনের প্রতিশ্রুতির আড়ালে প্রতারণার হাতছানি থেকে বাঁচতে কিছু বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি।

যেভাবে চিনবেন সুগার ড্যাডি ফাঁদ?

  • শুরুতেই দামি উপহারের প্রতিশ্রুতি: পরিচয়ের পরপরই কেউ যদি দামি মোবাইল, গয়না, বিদেশ ভ্রমণ বা নিয়মিত টাকা দেওয়ার লোভ দেখান, তবে সাবধান হন। বাস্তবে দেখা হওয়ার আগেই এমন বড় বড় প্রতিশ্রুতি দিয়ে বিশ্বাস অর্জন করে অনেক সময় ব্যক্তিগত তথ্য বা অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

  • হঠাৎ করে টাকার আবদার: ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা, জরুরি চিকিৎসা কিংবা ব্যবসার ক্ষতির অজুহাত দেখিয়ে কেউ যদি হঠাৎ টাকা চান, তবে আবেগের বশে তা দেবেন না। বারবার নতুন কারণ দেখিয়ে অর্থ চাওয়া বড় প্রতারণার লক্ষণ।

  • ব্যাংক তথ্য বা ওটিপি চাওয়া: ‘তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাব’ বা ‘উপহার পাঠাতে হবে’—এই অজুহাতে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, কার্ডের তথ্য, ওটিপি বা পিন নম্বর চাইলে ভুলেও তা শেয়ার করবেন না। মনে রাখবেন, ওটিপি বা পিন একান্তই ব্যক্তিগত নিরাপত্তার বিষয়।

  • গোপনীয়তা বজায় রাখার তীব্র চাপ: পরিচয়ের অল্প সময়ের মধ্যেই সম্পর্কটি গোপন রাখতে বলা, পরিবার বা বন্ধুদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা বা ‘কাউকে জানানো যাবে না’—এমন মানসিক চাপ নিয়ন্ত্রণমূলক আচরণের স্পষ্ট লক্ষণ।

  • ব্যক্তিগত ছবি বা ভিডিওর দাবি: সম্পর্কের সুযোগ নিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি বা ভিডিও চাইলে তা থেকে কঠোরভাবে বিরত থাকুন। ব্ল্যাকমেইল বা টাকা আদায়ের ফন্দি হিসেবে এই পদ্ধতি প্রায়ই ব্যবহার করা হয়।

সুরক্ষার কিছু জরুরি টিপস

অনলাইনে পরিচিত কারও সঙ্গে প্রথমবার দেখা করার ক্ষেত্রে সবসময় জনবহুল ও পরিচিত স্থান বেছে নিন। কোথায় যাচ্ছেন তা বিশ্বস্ত কাউকে জানিয়ে রাখুন। সুগার ড্যাডি পরিচয়ের আড়ালে কেউ যদি ক্রমাগত আপনার চলাফেরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, তবে দ্রুত সেই সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখুন। সন্দেহজনক কিছু মনে হলে বন্ধু বা পরিবারের সাহায্য নিন এবং প্রয়োজনে সাইবার ক্রাইম সেলের সাহায্য নিতে দ্বিধা করবেন না।