পুজোর আগে ডবল সুখবর! ব্রাজিল ম্যাচের পাশপাশি ভারতের মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের ডার্ক হর্স কেপ ভার্দে

ফুটবলপ্রেমীদের উন্মাদনাকে দ্বিগুণ করে দিতে বাংলা তথা দেশের মাটিতে আসছে আরও একটি চমকপ্রদ আন্তর্জাতিক দল। মাস দুয়েক আগে আন্তর্জাতিক স্তরে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা কেপ ভার্দে দলটির ভারতে আসার গুঞ্জন এবার অনেকটাই সত্যি হতে চলেছে। মাত্র সাড়ে পাঁচ লক্ষ জনসংখ্যার ছোট্ট দেশ কেপ ভার্দে তাদের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ফুটবল বিশ্বকাপের অন্যতম চর্চিত আন্ডারডগ দলে পরিণত হয়েছিল। রাতারাতি বিশ্বমঞ্চে পরিচিতি লাভ করেছিলেন সেই দেশের ৪০ বছর বয়সি অদম্য গোলকিপার ভোজিনহা। ইতিমধ্যেই দেশের শীর্ষ ফুটবল ফেডারেশনের সূত্রে খবর, ব্রাজিলের পর এবার ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসতে চলেছে কেপ ভার্দেও।
গতকালের সোশ্যাল মিডিয়া পোস্টে ব্রাজিল ফুটবল দলের পক্ষ থেকে কলকাতা সফরের আগমনবার্তা নিশ্চিত করার পরেই ভারতীয় ফুটবল মহলে আনন্দের জোয়ার বইছে। আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ফুটবল দল। এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে বাংলার ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তব হতে চলেছে। এর মাঝেই কেপ ভার্দে দলের আসার খবর বাড়তি উন্মাদনা যোগ করেছে। সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের এই বিশেষ উইন্ডোজের মধ্যেই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ৩ অক্টোবর ব্রাজিল ম্যাচ থাকায় কেপ ভার্দে বনাম ভারতের এই ম্যাচটির সঠিক তারিখ ও ভেন্যু নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।
বিগত দিনে আন্তর্জাতিক তারকাদের আগমন কেন্দ্র করে ঘটে যাওয়া বিশৃঙ্খলার কথা মাথায় রেখে এবার অত্যন্ত সতর্ক পদক্ষেপ করছে ফেডারেশন ও রাজ্য প্রশাসন। বিশেষ করে লিওনেল মেসির কলকাতা সফরকালীন ঘটে যাওয়া পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে এই মেগা ইভেন্টগুলোর নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কোনো রকম ফাঁক রাখতে চাইছে না আয়োজকরা। ইতিমধ্যেই আইএফএ-র সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। খুব শীঘ্রই ব্রাজিলের অফিসিয়াল প্রতিনিধি দল কলকাতার যুবভারতী স্টেডিয়ামে এসে সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখবেন। বিশ্বমানের এই দুই ফুটবল ইভেন্টকে সফল করতে রাজ্যজুড়ে এখন থেকেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।