কাটমানি যুগের অবসান! বাংলায় বিজেপির শিল্প জোয়ারে তাক লাগাল অমিত মেটালিকস

মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যের শিল্পায়নের মুকুটে আজ, সোমবার যুক্ত হচ্ছে নতুন আরও একটি পালক। পুরুলিয়ার রঘুনাথপুরের দুরমুট গ্রামে অমিত মেটালিকস লিমিটেডের ৪ হাজার কোটি টাকার বিশাল গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই পরিবেশ বান্ধব শিল্প প্রকল্পের মাধ্যমে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
পুরুলিয়া জেলায় এই বিশাল বিনিয়োগের ফলে শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও মত শিল্প মহলের। পরিবর্তনের বাংলাতে বিজেপি সরকারের উপর ভরসা রেখে অনেকেই শিল্পের সম্প্রসারণ এবং নতুন করে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন উদ্যোগপতিরা। তৃণমূল সরকারের আমলে কাটমানি, তোলাবাজি এবং সিন্ডিকেট রাজের ভুরিভুরি অভিযোগ সামনে এসেছিল। এর জেরে অনেকেই শিল্প ভিন রাজ্যে নিয়ে যাওয়া কিংবা বন্ধ করে দিতে বাধ্য হন। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর একদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার আর অন্যদিকে বঙ্গ বিজেপির তরফে শিল্প বন্ধু বার্তা দেওয়ার পর থেকেই একে একে এ রাজ্যে শিল্প স্থাপনের জোয়ার বইতে শুরু করেছে। তারই নতুন সংযোজন, পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিকস শিল্প গোষ্ঠীর আধুনিক ইস্পাত কারখানার পথ চলা।
সোমবার পুরুলিয়া সফরে গিয়ে জোড়া প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রঘুনাথপুরে একটি ইস্পাত কারখানার শিলান্যাসের পাশাপাশি, মানবাজার এলাকায় জাইকা-সহায়তায় তৈরি পানীয় জল প্রকল্পেরও সূচনা করার কথা রয়েছে তাঁর। ওই কর্মসূচি থেকে তাঁর সরকারের প্রথম ১০০ দিনের কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন শুভেন্দু।