‘জেন জি, জেন আলফা সব ইউরোপীয় বাহানা! এরা আমাদেরই সন্তান…’, বিস্ফোরক মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার

তরুণ প্রজন্মের আন্দোলন তথা ‘জেন জি’ বিক্ষোভ কিংবা শৈশব পেরিয়ে কৈশোরে পা রাখা ‘জেন আলফা’—গ্রিক বর্ণমালা অনুসারে প্রজন্মের এই ধরনের নামকরণ একেবারেই পছন্দ নয় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এই সমস্ত ধারণাকে আদতে “ইউরোপীয়” বলে অভিহিত করে তা বর্জনের আর্জি জানিয়েছেন তিনি। হিমন্তের মতে, যুবসমাজ ও সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে অসমের নিজস্ব দৃষ্টিভঙ্গি গড়ে তোলা একান্ত প্রয়োজন।

গুয়াহাটিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পর এক জনসভায় ভাষণ দেওয়ার সময় এই মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্টভাবে জানান, "আমি 'জেন জি' বা 'জেন আলফা'-র ধারণায় বিশ্বাসী নই। এটা একটা পশ্চিমা ধারণা। আমাদের কাছে শিক্ষার্থীরা 'জেন জি' বা 'জেন আলফা' নয়, বরং তারা আমাদেরই ছেলে-মেয়ে।"'

এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আরও জানান, তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি এবং তাদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার একটি সম্পূর্ণ পৃথক বিভাগ গঠনের পরিকল্পনা করেছে। এই নতুন বিভাগের মাধ্যমে যুবসমাজকে সঠিক কর্মসংস্থান ও অন্যান্য সুযোগের জন্য প্রস্তুত করার ওপর বিশেষ জোর দেওয়া হবে। অন্ধভাবে অন্য কোনও জায়গার মডেল অনুসরণ না করে, উন্নয়নের ক্ষেত্রে সম্পূর্ণ অসম-কেন্দ্রিক একটি বিশেষ পদ্ধতির ওপর জোর দেওয়ার কথা বলেছেন তিনি।