ভয়াবহ ভূমিধস ও হড়পা বান! সেনার শেল্টার ভাসিয়ে নিখোঁজ জওয়ানরা, এলাকায় চরম আতঙ্ক

প্রকৃতির ভয়াবহ তাণ্ডবে বিপর্যস্ত অরুণাচল প্রদেশ। রাজ্যটির দিবাং ভ্যালি জেলার আনিনি এলাকার পাশু পানি অঞ্চলে গত শুক্রবার বিকেলে ঘটে গেল মারাত্মক মেঘভাঙা বৃষ্টির ঘটনা। এর জেরে সৃষ্ট ভয়াবহ ভূমিধস ও হড়পা বানের কবলে পড়ে তছনছ হয়ে গিয়েছে সেনার ক্যাম্প। এই আকস্মিক বিপর্যয়ে ৫ জন সেনা জওয়ান নিখোঁজ রয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে।

পাশু পানিতে সেনাক্যাম্পে বিপর্যয়

সংবাদ সংস্থা IANS সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, গত শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিট নাগাদ পাশু পানি এলাকার ৫থ গ্রেনেডিয়ার্স (5th Grenadier’s)-এর ক্যাম্পে মেঘভাঙা বৃষ্টির জেরে ধস ও হড়পা বান নামে। জলের তীব্র ধাক্কায় ক্যাম্পের দুটি শেল্টার সম্পূর্ণ ভেসে যায় এবং বেশ কয়েকজন জওয়ান জলের তোড়ে ভেসে যান।

ঘটনার পরেই দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। তৎপরতার সঙ্গে ২ জন জওয়ানকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও ৫ জন নিখোঁজ রয়েছেন। প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম পরিস্থিতিকে উপেক্ষা করেই উদ্ধারকাজে নেমে পড়েছে একাধিক দল। নিখোঁজ জওয়ানদের সন্ধানে ৫থ গ্রেনেডিয়ার্সের দুটি উদ্ধারকারী দলের পাশাপাশি আইটিবিপি (ITBP)-র ৫৮ নম্বর ব্যাটালিয়ন, জেনারেল রিজ়ার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সের (GREF) ৬২ আরসিসি (RCC), অরুণাচল প্রদেশ পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকেরা যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছেন। কাছাকাছি থাকা অন্যান্য সেনা পোস্ট থেকেও অতিরিক্ত টিম এসে এই অভিযানে যোগ দিয়েছে।

আপার সুবনসিরিতেও মর্মান্তিক দুর্ঘটনা

অন্যদিকে, প্রকৃতির এই তাণ্ডব কেবল আনিনির পাশু পানির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অরুণাচলের আপার সুবনসিরি জেলায় একটি নির্মীয়মাণ রাস্তার ওপর ভয়াবহ ভূমিধস নামার ফলে চারজনের মৃত্যুর খবর মিলেছে। শুক্রবার ঘটা এই দুর্ঘটনায় ইতিমধ্যেই একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে, মেঘভাঙা বৃষ্টি ও পরপর ভূমিধসের জেরে অরুণাচলের বিস্তীর্ণ অঞ্চলে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়েছে।