১০০০ পয়েন্ট থেকে সরাসরি ৮৬ হাজারের ক্লাবে! ভারতের শেয়ার বাজারের এই অবিশ্বাস্য উত্থানের গোপন রহস্য কী?

১৯৯১ সালের ঐতিহাসিক অর্থনৈতিক সংস্কারের পর থেকে ভারতীয় শেয়ারবাজার এক সুদীর্ঘ এবং রোমাঞ্চকর পথ অতিক্রম করেছে। এই সময়ের মধ্যে বোম্বে স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক সূচক সেনসেক্স (Sensex) অভাবনীয় সাফল্যের নজির গড়েছে। মাত্র পঁয়ত্রিশ বছরেরও কম সময়ের মধ্যে সেনসেক্স প্রায় ৮,৫০০ শতাংশের এক অবিশ্বাস্য ও ঐতিহাসিক লাফ দিয়েছে। ১৯৯১ সালে উদারীকরণের ঠিক প্রাক্কালে যে সেনসেক্স ১,০০০ পয়েন্টের নিচে ওঠানামা করত, তা গত বছর ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করে ৮৬,০০০ গণ্ডি পার করেছে। ভারতের এই আর্থিক রূপান্তর শুধু দেশের কর্পোরেট জগতের ভিতকেই শক্ত করেনি, বরং সাধারণ মধ্যবিত্ত মানুষের বিনিয়োগের ধারণাকেও পুরোপুরি বদলে দিয়েছে।

নব্বইয়ের দশকের শুরুতে যখন দেশ মারাত্মক বৈদেশিক মুদ্রার সংকটের মুখোমুখি হয়েছিল, তখন তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিং ও প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের সরকারের হাত ধরে উমারীকরণের যুগ শুরু হয়। লাইসেন্স রাজের অবসান ঘটিয়ে ভারতীয় অর্থনীতিকে বিশ্ব বাজারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই যুগান্তকারী পদক্ষেপের ফলে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ (FII) এবং দেশীয় মিউচুয়াল ফান্ড বাজারে আসতে শুরু করে, যা ভারতীয় শেয়ার বাজারের কাঠামোগত আমূল পরিবর্তন ঘটায়। বিগত তিন দশকেরও বেশি সময় ধরে দেশের রাজনৈতিক ওঠাপড়া, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, ডট-কম বাব্‌ল, ২০০৮-এর আর্থিক সংকট এবং সাম্প্রতিক কোভিডের মতো বড় ধাক্কা সামলে সেনসেক্স তার দীর্ঘমেয়াদী ঊর্ধ্বমুখী গতি বজায় রেখেছে।

বিশেষজ্ঞদের মতে, সেনসেক্সের এই ৮,৫০০ শতাংশের উল্লম্ফন কেবল সূচকের একটি সংখ্যাগত বৃদ্ধি নয়, এটি ভারতের অর্থনৈতিক মেরুদণ্ডের দৃঢ়তা এবং ভারতীয় করপোরেট খাতের ক্রমবর্ধমান শক্তির বহিঃপ্রকাশ। এই দীর্ঘ যাত্রায় তথ্যপ্রযুক্তি, ওষুধ শিল্প, টেলিকম এবং পরবর্তীতে ব্যাঙ্কিং ও ফিনটেক খাত ভারতীয় বাজারকে নেতৃত্ব দিয়েছে। একসময়ে যেখানে শেয়ার বাজারকে মুষ্টিমেয় কিছু মানুষের জুয়া খেলার জায়গা বলে মনে করা হতো, আজ সেখানে কোটি কোটি খুচরা বিনিয়োগকারী এসআইপি (SIP) এবং মিউচুয়াল ফান্ডের মাধ্যমে সরাসরি বাজারমুখী হয়েছেন। ১৯৯১ সালের সেই হাজার পয়েন্টের সূচক আজ ছিয়াশি হাজারে পৌঁছে প্রমাণ করেছে যে ভারতের অর্থনীতি দীর্ঘমেয়াদে অত্যন্ত শক্তিশালী এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা আরও অনেক বেশি উজ্জ্বল।