৩ ঘণ্টার বেশি লম্বা ছবি! সেন্সর বোর্ডে ছাড়পত্র পেতেই প্রকাশ্যে যশের ‘টক্সিক’-এর বিরাট রানটাইম

কেজিএফ-এর অভাবনীয় সাফল্যের পর ফের একবার বড়পর্দায় ঝড় তুলতে আসছে কন্নড় সুপারস্টার যশের নতুন সিনেমা ‘টক্সিক’। আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই মেগাস্টার ছবির। তবে মুক্তির ঠিক আগেই ছবিটিকে ঘিরে অনুরাগীদের উত্তেজনা আরও বাড়িয়ে দিল সেন্সর বোর্ডের একটি বড় আপডেট।

সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) থেকে ইতিমধ্যেই ছাড়পত্র পেয়ে গিয়েছে ‘টক্সিক’। তবে সেন্সর বোর্ডের নির্দেশ অনুযায়ী, এই ছবিটিকে ‘এ’ (A) সার্টিফিকেট দেওয়া হয়েছে। অর্থাৎ, ছবিটি শুধুমাত্র ১৮ বছর বা তার বেশি বয়সি দর্শকরাই দেখতে পাবেন। পাশাপাশি সামনে এসেছে ছবিটির বিশাল রানটাইম। জল্পনা সত্যি করে জানা গিয়েছে, যশ অভিনীত এই ছবিটির মোট দৈর্ঘ্য হতে চলেছে ৩ ঘণ্টা ১৪ মিনিট বা ১৯৪ মিনিট।

উল্লেখ্য, ২০২২ সালে ‘কেজিএফ ২’-এর মুক্তির পর দীর্ঘ চার বছর বড়পর্দা থেকে দূরে ছিলেন যশ। ফলে অভিনেতার এই কামব্যাক নিয়ে উন্মাদনা তুঙ্গে। নিজের প্রোডাকশন হাউস ‘মনস্টার মাইন্ড ক্রিয়েশনস’ এবং ‘কেভিএন প্রোডাকশনস’-এর যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিতে যশের পাশাপাশি অভিনয় করেছেন নয়নতারা, হুমা কোরেশি, কিয়ারা আদভানি এবং রুক্মিণী বসন্তের মতো তারকারা। পরিচালক গীতু মোহনদাসের পরিচালনায় কন্নড় ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালম, হিন্দি এবং ইংরেজি ভাষায় মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত সিনেমা।