১০, ২০, ৩০ টাকা বাড়িয়ে রাইড বুকিং? ক্যাব সংস্থাগুলির কারসাজিতে লাগাম টানল কেন্দ্র

দীর্ঘদিন ধরেই ওলা, উবার (Uber), র‍্যাপিডোর (Rapido) মতো অ্যাপ-ক্যাব সংস্থাগুলিতে রাইড বুক করতে গিয়ে পকেট ফাঁকা হওয়ার উপক্রম হচ্ছিল সাধারণ যাত্রীদের। দ্রুত ক্যাব পাওয়ার আশায় বা ড্রাইভারকে আকৃষ্ট করতে অ্যাপে প্রদর্শিত ভাড়ার থেকে ২০ থেকে ৬০ টাকা পর্যন্ত বাড়তি দিয়ে বুকিং করার প্রবণতা তৈরি হয়েছিল। গ্রাহকদের কাছ থেকে এই অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার কৌশল বন্ধ করতে এবার আসরে নামল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। নতুন নির্দেশিকায় বুকিংয়ের সময় বাড়তি টাকা বা ‘অ্যাডভান্স টিপ’ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করল সরকার।

কী নির্দেশ দিল কেন্দ্র?

কেন্দ্রের সড়ক পরিবহণ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন থেকে রাইড বুক করার সময় কোনো সংস্থাই ‘Advance Tip’, ‘Choose an Add-on’ বা ‘Improve your chances of quicker ride confirmation’-এর মতো প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে বাড়তি টাকা নিতে পারবে না।

সাধারণত দেখা যেত, অ্যাপে যে ভাড়া দেখাচ্ছে, সেই ভাড়ায় ড্রাইভাররা রাইড রিকোয়েস্ট গ্রহণ করতে চাইতেন না। ফলে বাধ্য হয়েই যাত্রীরা বুকিংয়ের সময় বাড়তি টাকা দিয়ে রাইড কনফার্ম করার চেষ্টা করতেন। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, মোটর ভেহিকল অ্যাগ্রিগেটার গাইডলাইন ২০২৫ অনুযায়ী এই ধরণের কারসাজি অবিলম্বে বন্ধ করতে হবে। কোনো যাত্রীকে দ্রুত ক্যাব পাওয়ার জন্য আলাদা করে অতিরিক্ত মূল্য চোকাতে হবে না।

টিপস দেওয়া যাবে কি?

সরকার টিপ দেওয়ার ক্ষেত্রে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করেনি, তবে পদ্ধতি বদলেছে। কোনো যাত্রী যদি রাইড শেষ হওয়ার পর ড্রাইভারের পরিষেবাতে সন্তুষ্ট হন, তবে তিনি নিজ ইচ্ছায় ড্রাইভারকে বকশিশ বা টিপস দিতেই পারেন। কিন্তু এই অপশনটি কেবলমাত্র রাইড শেষ হওয়ার পরই চালু থাকবে। রাইড বুকিংয়ের আগে এই ধরনের কোনো অপশন রাখা যাবে না।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই টিপস বা বকশিশের সম্পূর্ণ টাকাটি ড্রাইভারই পাবেন। এর থেকে কোনো কমিশন কাটতে পারবে না ওলা বা উবারের মতো সংস্থাগুলি।

কী বলছে গাইডলাইন?

কেন্দ্রীয় সরকার সমস্ত অ্যাপ-ক্যাব সংস্থাকে নির্দেশ দিয়েছে, তাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলি যেন ‘Motor Vehicle Aggregator Guidelines, 2025’ অক্ষরে অক্ষরে মেনে চলে। যাত্রীদের হয়রানি কমাতে এবং ক্যাব বুকিং প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন থেকে বুকিংয়ের সময় আর আলাদা করে টাকা বাড়িয়ে রাইড সার্চ করতে হবে না যাত্রীদের। কেন্দ্রের এই পদক্ষেপে অ্যাপ-ক্যাব ব্যবহারকারীদের পকেট খরচ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।