রুটি বেলার বেলন-চাকি কি মারাত্মক ক্ষতিকর ব্যাকাপের আখড়া? সুস্থ থাকতে আজই জানুন এই সহজ পরিষ্কারের টোটকা

রান্নাঘরের সিঙ্ক, গ্যাসের ওভেন কিংবা কাটিং বোর্ড নিয়মমতো পরিষ্কার করলেও আমাদের অজান্তেই এমন একটি জরুরি জিনিস অবহেলিত থেকে যায়, যা প্রতিদিন আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। আর সেই জিনিসটি হলো আমাদের অত্যন্ত চেনা ও প্রতিদিনের ব্যবহারের ‘বেলন-চাকি’।

প্রতিদিন নিয়ম করে আটা মাখা ও রুটি বেলা হয় এই কাঠের বা পাথরের চাকিতে। কিন্তু কাজের শেষে দেখা যায়, আটার গুঁড়ো, তেল এবং হাতের ঘাম কাঠের খাঁজে কিংবা চাকির কোণায় গিয়ে জমে যাচ্ছে। বিশেষ করে কাঠের চাকি সঠিকভাবে পরিষ্কার ও শুকনো না রাখলে সেখানে খুব দ্রুত ব্যাকটেরিয়া এবং ছত্রাক বা ফাঙ্গাস জন্ম নিতে শুরু করে। চিকিৎসকদের মতে, এই নোংরা বেলন-চাকি থেকেই শরীরে বাসা বাঁধতে পারে মারাত্মক ডায়েরিয়া, ফুড পয়জনিং এবং পেটের নানা জটিল রোগ। তাই সুস্থ থাকতে রান্নাঘরের এই সাধারণ জিনিসটির পরিচ্ছন্নতার প্রতি বিশেষ নজর দেওয়া অত্যন্ত জরুরি।

প্রতিদিনের রান্নার পর মাত্র দুই মিনিট সময় খরচ করেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কাঠের চাকি ও বেলন হলে সেটিকে কখনই সরাসরি জলে ভিজিয়ে রাখা উচিত নয়। প্রথমে একটি পরিষ্কার শুকনো কাপড় দিয়ে আটার গুঁড়ো ভালোভাবে ঝেড়ে ফেলতে হবে। এরপর আধখানা লেবুর টুকরোতে কিছুটা নুন লাগিয়ে তা দিয়ে চাকি ও বেলনটি ভালো করে ঘষতে হবে, কারণ লেবুর প্রাকৃতিক অ্যাসিড সমস্ত জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। ঘষা শেষ হলে শুকনো কাপড় দিয়ে মুছে ১৫ মিনিট রোদে রেখে দিলেই এটি সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়ে যাবে। অন্যদিকে, স্টিল বা মার্বেলের চাকি হলে গরম জল ও লিকুইড ডিশওয়াশ দিয়ে ধুয়ে একদম শুকিয়ে নিতে হবে।

এছাড়াও, সপ্তাহে অন্তত একবার ডিপ ক্লিন করা অত্যন্ত প্রয়োজন। একটি স্প্রে বোতলে সমপরিমাণ সাদা ভিনিগার ও জল মিশিয়ে বেলন-চাকির উপর স্প্রে করে ১০ মিনিট রেখে দিতে হবে। এরপর একটি ভেজা কাপড় দিয়ে মুছে নিলেই ভিনিগারের অ্যান্টিসেপটিক গুণ সমস্ত জীবাণু ও দুর্গন্ধ দূর করে দেবে। মাসে অন্তত দু’বার কড়া রোদের মধ্যে অন্তত এক ঘণ্টা চাকি ও বেলন রেখে দিলে প্রাকৃতিক আল্ট্রাভায়োলেট (UV) রশ্মি সমস্ত অবশিষ্টাংশ জীবাণু মেরে ফেলবে।

তবে পরিষ্কার করার সময় কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা জরুরি। যেমন—ধোয়ার পর চাকি সম্পূর্ণ না শুকিয়ে আলমারিতে তুলে রাখলে ২৪ ঘণ্টার মধ্যেই সেখানে ফাঙ্গাস জন্মাতে পারে। আবার কাঠ জলে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে তা ফুলে ফেঁপে যায় এবং ভেতরে পোকা ও ছত্রাক জন্মায়। পাশাপাশি, চাকি মোছার জন্য অন্য কোনো ব্যবহারের কাপড় ব্যবহার না করে একটি আলাদা পরিষ্কার কাপড় রাখা উচিত। যদি চাকিতে কালো দাগ, স্থায়ী ফাটল বা বেলন থেকে কোনো অস্বস্তিকর তেলচিটে গন্ধ বের হতে শুরু করে, তবে সেটিকে অবিলম্বে বদলে ফেলে নতুন চাকি ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে। মনে রাখবেন, একটি পরিচ্ছন্ন রান্নাঘর মানে শুধু ঝকঝকে স্ল্যাব নয়, বরং ছোট ছোট জিনিসের সঠিক যত্নই আপনাকে বড় বড় রোগ থেকে রক্ষা করতে পারে।