‘কীভাবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে হয়, শিখিয়ে গেলাম!’ হালিশহর কাণ্ডে মমতাকে কড়া নিশানা শুভেন্দুর

গতকাল হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনার ঠিক ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সোমবার সেই একই এলাকায় পৌঁছলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন হালিশহরে পুলিশি হেফাজতে মৃত তৃণমূলকর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন তিনি এবং স্থানীয় থানাতেও যান। মৃত কর্মীর পরিবারের সদস্যরা যাতে মৃত্যুকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক ফায়দা তুলতে না দেন, সেই সাহসিকতার জন্য তাদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি পরিবারটি প্রশাসনের ওপর পূর্ণ আস্থা রাখায় একে সরকারের বড় পাওনা বলে উল্লেখ করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের হালিশহরে আসাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী গতকাল কাউকে না জানিয়ে হঠাৎ সেখানে গিয়েছিলেন। সেখানে হামলার যে তত্ত্ব তৈরি করা হয়েছে তাকে ‘পাথরের গল্প’ বলে উড়িয়ে দিয়ে তিনি দাবি করেন যে ওই ঘটনা সম্পূর্ণভাবেই সাধারণ মানুষের ক্ষোভ বা জনরোষের বহিঃপ্রকাশ ছিল, যার সঙ্গে বিজেপির কেউ কোনোভাবেই জড়িত নন। তিনি তীব্র আক্রমণ শানিয়ে বলেন, গত ১৫ বছরে রাজ্যে তিন শতাধিক বিজেপি কর্মীকে খুন করা হয়েছে এবং নিহত বিরোধীদের বাড়িতে কখনো প্রাক্তন মুখ্যমন্ত্রী পা রাখেননি। তাই একজন মুখ্যমন্ত্রী হিসেবে কীভাবে সঠিক দায়িত্ব পালন করতে হয়, তিনি আজ সেটাই শিখিয়ে দিয়ে গেলেন।
পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে মৃতের পরিবার যে শারীরিক অত্যাচারের অভিযোগ তুলেছে, তা সত্যি। পুলিশের গাফিলতি স্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় ইতিমধ্যেই তদন্তকারী আধিকরী বা আইও-কে সাসপেন্ড করা হয়েছে এবং হালিশহর থানার আইসি-কে ক্লোজ করা হয়েছে। ময়নাতদন্তের সম্পূর্ণ রিপোর্ট হাতে এলে অত্যাচারের মাত্রা আরও স্পষ্ট হবে বলে তিনি জানান।