চার দিন আগে চাকরিতে যোগ, আবাসনের ছাদে তরুণীকে ধর্ষণ! সিকিউরিটি গার্ডের কাণ্ডে শিউরে উঠল শহর

আবাসনের নিরাপত্তার দায়িত্বে থাকা এক নিরাপত্তারক্ষীর বিরুদ্ধেই এক তরুণীকে নির্মমভাবে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠল। মাত্র চার দিন আগেই ওই আবাসনে সিকিউরিটি গার্ড হিসেবে কাজে যোগ দিয়েছিল অভিযুক্ত। এই ঘটনার পর শুধু ওই নিরাপত্তারক্ষীই নয়, বরং কাঠগড়ায় উঠেছে তাঁকে নিয়োগকারী নিরাপত্তা সংস্থাও। অভিযোগ উঠেছে, অভিযুক্তকে চাকরিতে বহাল করার আগে তার অতীতের ব্যাকগ্রাউন্ড বা অপরাধের ইতিহাস সঠিকভাবে যাচাই করা হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নিরাপত্তারক্ষীর নাম ধরম সিং, যার বাড়ি উত্তরপ্রদেশের হারদই জেলায়। ঘটনার রাতে ওই মহিলা আবাসনের ছাদে হাঁটতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় সুযোগ বুঝে তাঁর উপর আক্রমণ চালায় ধরম। প্রথমে তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় এবং পরবর্তীতে জোরপূর্বক যৌন নির্যাতন চালানো হয়। এরপর নির্যাতিতাকে ছাদে আটকে রেখেই পালিয়ে যায় অভিযুক্ত।
ঘটনার তদন্তে নেমে পুলিশ স্থানীয় ক্রাইম ব্রাঞ্চের কর্মীদের নিয়ে মোট ১০টি বিশেষ দল গঠন করে। আবাসনের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে পুলিশ নিশ্চিত হয় যে, অভিযুক্ত লিফট ও সিঁড়ি ব্যবহার করে ছাদে যাতায়াত করেছিল। ঘটনার পরপরই মোবাইল ফোন বন্ধ করে পুলিশের চোখ এড়ানোর চেষ্টা চালালেও শেষরক্ষা হয়নি। রবিবার সকালের মধ্যে হেবতপুর এলাকা থেকে অভিযুক্ত ধরম সিংকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এর আগেও আহমেদাবাদের বিভিন্ন সিকিউরিটি এজেন্সিতে কাজ করেছিল অভিযুক্ত। নতুন এই আবাসনে যোগ দেওয়ার মাত্র চার দিনের মাথায় এমন জঘন্য কাণ্ড ঘটিয়েছে সে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, নিরাপত্তা সংস্থাটি ধরমকে নিয়োগ করার সময় তার প্রয়োজনীয় মৌলিক তথ্য সংগ্রহ এবং ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলো এড়িয়ে গেছিল। এই মারাত্মক গাফিলতির জন্য ওই সিকিউরিটি এজেন্সির বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ইতিমধ্যে অভিযুক্ত ধরম সিংয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (FSL) বিশেষজ্ঞ দল পৌঁছে সমস্ত নমুনা সংগ্রহ করেছে। নির্যাতিতা এবং অভিযুক্ত উভয়েরই পুঙ্খানুপুঙ্খ মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাই করতে এবং অকাট্য প্রমাণ জোগাড় করতে ডিএনএ (DNA) সংক্রান্ত ফরেনসিক পরীক্ষাও করা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী অফিসাররা।