চুলে তেল মাখলেই কি খুশকি দূর হয়? জানলে চমকে উঠবেন, কোন ভুলে বাড়ে এই সমস্যা!

কাঁধে সাদা খুশকির গুঁড়া পড়ে থাকলে জনসমক্ষে অনেকেই চরম অস্বস্তিতে পড়েন। এই সমস্যা থেকে বাঁচতে বেশিরভাগ মানুষেরই প্রথম ধারণা থাকে যে, স্ক্যাল্প বা মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়ার ফলেই বোধহয় খুশকি হয়। তাই অন্ধের মতো চুলে নিয়মিত তেল মাখতে শুরু করেন তাঁরা। কিন্তু বিশেষজ্ঞদের মতে, সব ধরনের খুশকির ক্ষেত্রে এই ধারণা মোটেও ঠিক নয়। অনেক সময় অতিরিক্ত তেলই উলটে খুশকির প্রকোপ বহুগুণ বাড়িয়ে দেয়।
খুশকির আসল কারণ ও অতিরিক্ত তেলের ক্ষতিকর দিক
খুশকির অন্যতম প্রধান কারণ হলো ‘ম্যালাসেজিয়া’ (Malassezia) নামক একটি ইস্টজাতীয় ছত্রাক, যা স্ক্যাল্পের অতিরিক্ত প্রাকৃতিক তেলকে খাদ্য হিসেবে ব্যবহার করে খুব দ্রুত বৃদ্ধি পায়। শুষ্ক আবহাওয়া বা পানিশূন্যতার কারণে স্ক্যাল্প শুষ্ক হতে পারে ঠিকই, কিন্তু সব খুশকির জন্য তা দায়ী নয়। ছত্রাকজনিত এই সমস্যার ক্ষেত্রে চুলে অতিরিক্ত তেল লাগালে স্ক্যাল্পে একটি তেলতেলে স্তর তৈরি হয়। এর সঙ্গে ধুলাবালি ও মৃত ত্বক জমে খুশকি পরিষ্কার করা আরও কঠিন হয়ে পড়ে। ফলস্বরূপ, স্ক্যাল্পে চুলকানি, দুর্গন্ধ এবং অস্বস্তি মারাত্মকভাবে বেড়ে যায়।
কোন তেলে কী সমস্যা হতে পারে?
নারিকেল তেল: চুল নরম রাখতে নারিকেল তেল উপকারী হলেও, ছত্রাকজনিত খুশকির ক্ষেত্রে এটি উলটে ম্যালাসেজিয়ার বৃদ্ধিতে সহায়তা করে। তাই খুশকি বেশি থাকলে নিয়মিত নারিকেল তেল ব্যবহারে সতর্ক হওয়া উচিত।
ক্যাস্টর অয়েল: এই তেল অত্যন্ত ঘন ও আঠালো প্রকৃতির হওয়ায় স্ক্যাল্প থেকে সহজে পরিষ্কার হতে চায় না। ফলে ধুলাবালি ও মৃত কোষ জমে স্ক্যাল্প আরও ভারী হয়ে ওঠে এবং চুলকানি বাড়ায়।
সরিষার তেল: অনেকেরই মাথায় সরিষার তেল ব্যবহারের অভ্যাস রয়েছে, তবে খুশকির সময় এটি সংবেদনশীল স্ক্যাল্পে জ্বালাপোড়া বা লালচে ভাবের মতো অস্বস্তি আরও বাড়িয়ে তুলতে পারে।
খুশকি দমনে টি ট্রি অয়েলের কার্যকারিতা
বিশেষজ্ঞদের মতে, খুশকি দমনে টি ট্রি অয়েল (Tea Tree Oil) অত্যন্ত সহায়ক হতে পারে। এতে প্রাকৃতিকভাবে শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকে, যা খুশকির জন্য দায়ী ছত্রাকের বৃদ্ধি কমাতে সাহায্য করে। তবে এটি কখনো সরাসরি স্ক্যাল্পে লাগানো উচিত নয়। অলিভ অয়েল বা জোজোবা অয়েলের মতো কোনো ক্যারিয়ার অয়েলের সঙ্গে মাত্র ২-৩ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করা নিরাপদ। ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেওয়া এবং সপ্তাহে ২ থেকে ৩ বারের বেশি এটি ব্যবহার না করাই ভালো।
খুশকি নিয়ন্ত্রণে অন্যান্য জরুরি টিপস
নিয়মিত মাইল্ড বা প্রয়োজনে ভালো মানের অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন।
স্ক্যাল্প সবসময় পরিষ্কার রাখুন এবং দীর্ঘ সময় ঘাম জমতে দেবেন না।
সুষম খাবার খাওয়া, পর্যাপ্ত পরিমাণে জল পান করা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি।
যদি দীর্ঘস্থায়ী প্রচেত্তাতেও খুশকি না কমে, কিংবা তীব্র চুলকানি, লালচে ভাব বা ঘা তৈরি হয়, তবে দেরি না করে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের (Dermatologist) পরামর্শ নেওয়া উচিত।