‘গদ্দার টিম ১ গেছে মোদীর কাছে, টিম ২ মুখ্যমন্ত্রীর কাছে!’ হাইকোর্টের ধাক্কা খেয়েও কেন এত চড়া সুর কুণাল ঘোষের?

বিধানসভায় ইচ্ছাকৃতভাবে তাঁর বক্তব্য রাখার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে— এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তবে শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ সেই মামলা খারিজ করে দেয়। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ ছিল, বিধানসভার অভ্যন্তরীণ কোনও বিষয়ে সমস্যা থাকলে তা বিধানসভার অন্দরেই মেটাতে হবে, তার জন্য আদালতে মামলা গ্রহণযোগ্য নয়। এই আইনি ধাক্কার পর আরও বেশি আক্রমণাত্মক মেজাজে পাওয়া গেল কুণাল ঘোষকে।

হাইকোর্টের রায়ের পরেই শুক্রবার এক সংবাদ সম্মেলনে সুর চড়িয়ে কুণাল দাবি করেন, আদালতের রায় খারিজ হলেও তাঁর ওপর চলা অন্যায়ের প্রতিবাদ থামবে না। তাঁর কথায়, “আমার মামলা খারিজ হয়েছে। কিন্তু আমাকে বলতে দেওয়া হচ্ছে না। আমার কণ্ঠরোধ করা হচ্ছে কৌশলে।” তবে এখানেই থেমে থাকেননি তিনি। পরবর্তী পদক্ষেপ হিসেবে হাইকোর্টের রায়ের কপি নিয়ে সরাসরি বিধানসভার স্পিকারের কাছে যাওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। তাঁর হুঁশিয়ারি, “আমি হাইকোর্টের অর্ডার নিয়ে স্পিকারের কাছে যাব। তারপরও যদি কথা না শোনা হয়, তবে আমি ফের হাইকোর্টে যাব।” দলের শৃঙ্খলার সঙ্গে জনপ্রতিনিধির বাকস্বাধীনতার কোনো বিরোধ থাকতে পারে না বলেও প্রশ্ন তোলেন তিনি।

অন্যদিকে, এই সাংবাদিক বৈঠকে বিরোধীদের পাশাপাশি নিজেদের দলের অন্দরের একাংশের বিরুদ্ধেও বেনজির আক্রমণ শানিয়েছেন এই বেলেঘাটার বিধায়ক। নাম না করে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিরোধী নেতাদের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “গদ্দার টিম ১ গেছে প্রধানমন্ত্রীর কাছে। গদ্দার টিম ২ গেছে মুখ্যমন্ত্রীর কাছে। আর প্রকৃত যারা বিরোধী, তারা আজ বাঁকুড়ায় আশা কর্মীর বাড়িতে গেছে।” বিরোধী নেতাদের একাংশের নবান্ন ও অন্যান্য রাজনৈতিক মহলের সঙ্গে যোগাযোগ রাখা নিয়ে তীব্র কটাক্ষ করে কুণাল দাবি করেন, যারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, ভবিষ্যতে তাঁদের রাজনৈতিক কেরিয়ার ধূলিসাৎ হয়ে যাবে। এছাড়া কলকাতা পুরসভার ডিলিমিটেশন এবং তৃণমূল জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসার অনুমতি সংক্রান্ত প্রসঙ্গ নিয়েও এদিন নিজের মতামত তুলে ধরেন তিনি। আদালতের রায় বিপক্ষে যাওয়ার পরেও কুণাল ঘোষের এই বিস্ফোরক মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনার সৃষ্টি করেছে।