মিষ্টির দোকানে দৌড় কেন? ফ্রিজে রাখা মাত্র এক লিটার দুধ দিয়ে ৩০ মিনিটে বানান দোকানের থেকেও সুস্বাদু ছানার জিলিপি!

দোকানে না গিয়ে বাড়িতেই খুব সহজে কীভাবে সুস্বাদু ও রসালো ছানার জিলিপি তৈরি করা যায়, তার সহজ ও পুঙ্খানুপুঙ্খ রেসিপি রইল পাঠকদের জন্য। বৃষ্টির দিনে বা হঠাৎ মিষ্টি খাওয়ার ইচ্ছে জাগলে কিংবা যেকোনো বিশেষ দিনে এই পদটি আপনার মন জয় করতে বাধ্য। মাত্র ৩০ মিনিটেই ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এটি বানিয়ে ফেলা সম্ভব।
প্রয়োজনীয় উপকরণ:
১. ছানার জন্য: ফুল ফ্যাট দুধ – ১ লিটার, লেবুর রস বা ভিনিগার – ২ টেবিল চামচ।
২. ডো বানানোর জন্য: ময়দা – ২ টেবিল চামচ, সুজি – ১ চা চামচ, বেকিং পাউডার – ১ চিমটি।
৩. রসের জন্য: চিনি – ২ কাপ, জল – ১ কাপ, এলাচ – ২টি, কেশর – ৫-৬টি।
৪. অন্যান্য: ভাজার জন্য সাদা তেল বা ঘি।
তৈরি করার পদ্ধতি:
ধাপ ১: প্রথমে দুধ ভালো করে ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে অল্প অল্প করে লেবুর রস বা ভিনিগার মিশিয়ে দিন। ছানা ও জল আলাদা হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। এরপর একটি পাতলা কাপড়ে মিশ্রণটি ঢেলে জল ঝরিয়ে নিন এবং ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। অতিরিক্ত জল বের করার জন্য কাপড়সহ ছানাটি ৩০ মিনিট ঝুলিয়ে রাখুন।
ধাপ ২: এবার একটি থালায় ছানা নিয়ে হাতের তালু দিয়ে টানা ৮ থেকে ১০ মিনিট ভালোভাবে মেখে সম্পূর্ণ মসৃণ করে নিন যাতে কোনো দানা না থাকে। এর সঙ্গে ময়দা, সুজি ও এক চিমটি বেকিং পাউডার মিশিয়ে আরও ২ মিনিট মেখে একটি নরম ডো তৈরি করুন এবং ১০ মিনিট ঢেকে রেখে দিন।
ধাপ ৩: অন্য একটি কড়াইতে চিনি ও জল একসঙ্গে ফুটিয়ে রস তৈরি করুন। রস ৫ মিনিট ফোটার পর একটু আঠালো হলে তাতে এলাচ ও কেশর দিয়ে গ্যাস বন্ধ করে দিন। মনে রাখবেন রস যেন অতিরিক্ত গরম না হয়ে কেবল হালকা গরম থাকে।
dhap ৪: এবার তৈরি করা ডো থেকে ছোট ছোট লেচি কেটে হাতের সাহায্যে লম্বা পাক দিয়ে জিলিপির আকারে ঘুরিয়ে তৈরি করে নিন। সুবিধার জন্য পাইপিং ব্যাগও ব্যবহার করতে পারেন।
ধাপ ৫: কড়াইতে মাঝারি আঁচে তেল বা ঘি গরম করুন। তৈরি করা জিলিপিগুলো তেলে ছেড়ে উল্টে-পাল্টে সোনালি বাদামি করে ভেজে নিন। ভাজা হওয়ামাত্রই তেল থেকে তুলে হালকা গরম রসে ডুবিয়ে দিন। অন্তত ১৫ মিনিট রসে ভিজিয়ে রাখলেই সম্পূর্ণ তৈরি হয়ে যাবে সুস্বাদু ছানার জিলিপি।
পারফেক্ট ছানার জিলিপি তৈরির কিছু জরুরি টিপস:
১. ছানা ভালোভাবে মাখতে হবে, নতুবা ভাজার সময় জিলিপি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে।
২. রসের তাপমাত্রা খুব বেশি গরম হওয়া চলবে না, হালকা গরম রসে জিলিপি দিলে তা নরম ও রসালো থাকে।
৩. তেল অতিরিক্ত গরম না করে মাঝারি আঁচে ভাজতে হবে, যাতে জিলিপির ভিতর পর্যন্ত সমানভাবে ভাজা হয়।