মহানায়কের শেষদর্শনে কেন যাননি সুপ্রিয়া দেবী? ৪৬ বছর পর বিস্ফোরক তথ্য ফাঁস!

মহানায়ক উত্তম কুমারের প্রয়াণের ৪৬ বছর পেরিয়ে গেলেও, তাঁর ব্যক্তিজীবন ও সম্পর্কের সমীকরণ নিয়ে বাঙালির কৌতূহলে এতটুকু ভাটা পড়েনি। বিশেষ করে উত্তম-সুপ্রিয়ার দীর্ঘ লিভ-ইন সম্পর্ক এবং উত্তমের স্ত্রী গৌরীদেবীর সঙ্গে সুপ্রিয়া দেবীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিয়ে সিনে মহলে চর্চা চিরন্তন। এবার সেই পুরনো দ্বন্দ্বই যেন নতুন করে প্রকাশ্যে এসে গেল এক ভাইরাল ভিডিয়োর মাধ্যমে। আর তা নিয়েই এবার কড়া প্রতিক্রিয়া ও বিস্ফোরক মন্তব্য দিলেন সুপ্রিয়া কন্যা সোমা চট্টোপাধ্যায়।

সম্প্রতি সোশাল মিডিয়ায় সুপ্রিয়া কন্যার নজরে এসেছে একটি ভিডিয়ো, যা থেকে তিনি জানতে পেরেছেন এক বিভ্রান্তিকর তথ্য। ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দাবি করা হয়েছিল, উত্তমের স্ত্রী গৌরীদেবীর নিষেধের কারণেই নাকি সুপ্রিয়া দেবী উত্তম কুমারের মরদেহ দেখতে যেতে পারেননি! এই দাবিকে সম্পূর্ণ অস্বীকার করে সোমা চট্টোপাধ্যায় ফেসবুকে একটি ভিডিয়োর মাধ্যমে সাফ জানিয়ে দেন, “ফেসবুকে একটি পোস্ট দেখলাম, যেখানে উত্তম কুমারের এক আত্মীয় দাবি করেছেন যে আমার মা সুপ্রিয়া দেবীকে সেদিন গিরিশ মুখার্জি রোডের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। এই তথ্যে আমার ঘোর আপত্তি রয়েছে। কারণ, সেদিন মায়ের পাশেই ছিলাম আমি। আসল সত্যিটা হল, মা-কে কেউ আটকায়নি, বরং মা নিজেই সেদিন ওই বাড়িতে যাননি।”

কেন শেষদর্শনে যাননি সুপ্রিয়া দেবী? মায়ের না যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সোমা জানান, সেদিন ওই শোকস্তব্ধ পরিবেশেও নানা ধরনের রাজনীতি ও জটিলতা কাজ করছিল। তাঁর কথায়, “সেদিন ওখানে অনেক ইস্যু ছিল, অনেক রকম রাজনীতি চলছিল। মহানায়কের মৃত্যুর মতো একটি স্পর্শকাতর মুহূর্তে কোনও রকম অপ্রিয় পরিস্থিতি বা ঝামেলা এড়াতেই মা সচেতনভাবে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তাঁকে কেউ বাধা দেয়নি, এটা তাঁর নিজস্ব সিদ্ধান্ত ছিল।”

মায়ের বিরুদ্ধে ওঠা ‘দায়িত্ব পালনে ব্যর্থ’ হওয়ার অভিযোগ শুনে স্বভাবতই মর্মাহত সোমা। তিনি মায়ের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমার মা উত্তম কুমারের সঙ্গে ২০ বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন। ওঁর দেখাশোনা থেকে শুরু করে ভালো রাখার সব দায়িত্ব মা নিজের হাতে পালন করেছেন। উত্তম কুমার মায়ের হাতের রান্না খেতে ভালোবাসতেন বলে, এই মানুষটা নিজের হাতে দিনের পর দিন রান্নাঘরে সময় কাটিয়েছেন। এমনকী, মহানায়কের জন্য মা নিজের কেরিয়ার পর্যন্ত আত্মত্যাগ করেছিলেন। আমি নিজে চোখে মায়ের এই ত্যাগ দেখেছি। তাই আজ যখন কেউ বলে যে মাকে শেষদর্শনে যেতে দেওয়া হয়নি বা তিনি দায়িত্ব পালন করেননি, তখন ভীষণ কষ্ট হয়।”

শেষে সোমা চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, যিনি এই বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন তিনি হয়তো তখন অনেকটাই ছোট ছিলেন, তাই আসল ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। কেবলমাত্র সাধারণ মানুষকে সঠিক তথ্য জানানোর তাগিদেই ৪৬ বছর পর এই প্রসঙ্গে মুখ খুলতে বাধ্য হলেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি সোশাল মিডিয়ায় উত্তম কুমারের নাতনি নবমিতার একটি সাক্ষাৎকারের ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে তিনি দাবি করেন, উত্তম কুমারের মৃত্যুর পর সুপ্রিয়া দেবীকে তাঁর মরদেহের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। তবে এই ভিডিয়ো ভাইরাল হলেও, সুপ্রিয়া কন্যা সোমা চট্টোপাধ্যায় নবমিতা নাম বা নবমিতার এই সাক্ষাৎকারের ভিডিয়োর কথা সরাসরি উল্লেখ না করলেও, নেটিজেনরা মনে করছেন যে উত্তমের নাতনির এই মন্তব্যকেই কার্যত চ্যালেঞ্জ ছুড়েছেন সুপ্রিয়া কন্যা।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty