মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে অঙ্কিতার রূপ দেখে শিউরে উঠবেন! প্রথম লুকেই তুলকালাম টলিউডে

প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর ৪১তম প্রয়াণবার্ষিকীতে প্রকাশ্যে এলো তাঁর বর্ণময় ও বিতর্কিত জীবন অবলম্বনে তৈরি আসন্ন পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘গুনগুন করে মহুয়া’-র প্রথম অফিসিয়াল লুক পোস্টার। এই বহুল চর্চিত বায়োপিকে প্রয়াত অভিনেত্রীর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় ছোট পর্দার পরিচিত মুখ অঙ্কিতা মল্লিক। ছবির প্রথম লুকেই তাঁর অনন্য উপস্থিতি দর্শকদের মনে চরম কৌতূহল এবং বিস্ময় তৈরি করেছে। ফার্স্ট লুকে অঙ্কিতাকে অবিকল মহুয়া রায়চৌধুরী বলে ভুল করাটা একেবারেই অস্বাভাবিক নয়। এর নেপথ্যে রয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত রূপসজ্জা শিল্পী সোমনাথ কুণ্ডু এবং প্রবীণ কেশসজ্জা শিল্পী হেমা মুন্সীর অবিশ্বাস্য হাতের জাদু।
সূত্রের খবর অনুযায়ী, মহুয়া রায়চৌধুরীর জীবনের সবচেয়ে tragical এবং চরম একটি দিনের ঘটনাকে ফুটিয়ে তুলতে অঙ্কিতাকে একেবারে নিখুঁতভাবে সাজিয়ে তুলেছেন সোমনাথ কুণ্ডু। নিখুঁত প্রস্থেটিক মেক-আপের মাধ্যমে অঙ্কিতার অগ্নিদগ্ধ লুকটি এতটাই বাস্তবসম্মত এবং জীবন্ত হয়ে উঠেছে যে তা দেখে শুটিং সেটে উপস্থিত কলাকুশলীরা পর্যন্ত শিউরে উঠেছিলেন। এই বায়োপিকটি পরিচালনা করছেন প্রতিশ্রুতিমান পরিচালক রাজদীপ ঘোষ এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন বিশিষ্ট প্রযোজক রানা সরকার। ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’ (DAG Creative Media)-র ব্যানারে নির্মিত হচ্ছে এই ছবি। মূলত মহুয়া রায়চৌধুরীকে নিয়ে লেখা দুটি অত্যন্ত জনপ্রিয় বই—মালবিকা দাশগুপ্তর লেখা ‘আগুনে ঢেকেছে মুখ’ এবং দীপারুণ ভট্টাচার্যর লেখা ‘নিঃসঙ্গ মহুয়া’-র তথ্যের উপর সম্পূর্ণ ভিত্তি করে চিত্রনাট্য সাজানো হয়েছে।
ছবির পেছনের কারিগর হিসেবেও যুক্ত রয়েছেন একঝাঁক প্রতিভাবান ব্যক্তিত্ব। মহুয়া রায়চৌধুরীর আকস্মিক ও রহস্যময় জীবন সিনেমার আকারে বুনেছেন অর্কদীপ মল্লিকা নাথ। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন শৌমিক হালদার এবং সম্পাদনার কাজটি সামলাচ্ছেন অর্ঘ্যকমল মিত্র। পাশাপাশি, ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সপ্তক সানাই দাস, কস্টিউম ডিজাইন করেছেন সাবর্ণী দাস এবং শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন ধনঞ্জয় মণ্ডল। নজরকাড়া এই পোস্টারটি ডিজাইন করেছেন একতা ভট্টাচার্য।
উল্লেখ্য, মহুয়া রায়চৌধুরীর মর্মান্তিক মৃত্যু আজও বাঙালির মনে একটি অমীমাংসিত রহস্য। তিনি কি সত্যিই আত্মহত্যা করেছিলেন, নাকি এর নেপথ্যে অন্য কোনো গভীর ষড়যন্ত্র কিংবা খুন ছিল? এই প্রশ্ন আজও বাঙালি দর্শকদের পিছু ছাড়ে না। টলিউড কাঁপানো সেই অকালপ্রয়াত অভিনেত্রীর জীবনের সমস্ত বিতর্ক, নেপথ্য রহস্য আর অজানা অধ্যায়ের উত্তর খুঁজতেই আসছে বহুল প্রতীক্ষিত এই বায়োপিক। এই ছবির মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন ‘জগদ্ধাত্রী’ খ্যাত অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। ছবিতে প্রয়াত অভিনেত্রীর তরুণী বেলার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দিব্যাণী মণ্ডলকে। অন্যদিকে, পর্দায় কিংবদন্তি ‘মহানায়ক’ উত্তমকুমারের ভূমিকায় অবতীর্ণ হবেন অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায়। পাশাপাশি, মহুয়ার আবিষ্কারক এবং তাঁর মূল মেন্টর সন্ধ্যা রায়ের অত্যন্ত প্রভাবশালী চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষকে। এছাড়াও মহুয়ার বাবা নীলাঞ্জন রায়চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন লোকনাথ দে এবং তাঁর দিদির চরিত্রে থাকছেন বিশিষ্ট গায়িকা দেবলীনা নন্দী, যাঁর এই ছবির মাধ্যমেই অভিনয়ে হাতেখড়ি হচ্ছে। সব মিলিয়ে বুধবারে এই প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকেই বাংলার চলচ্চিত্র প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে।