সেলুলয়েডের পর্দার পেছনের ‘কাাস্টিং গার্ল’ থেকে গ্ল্যামার কুইন! জন্মদিনে জেনে নিন ভূমি পেডনেকরের অজানা যাত্রা

বলিউডের বহুমুখী প্রতিভার এক উজ্জ্বল নাম ভূমি পেডনেকর। আজ, ১৮ জুলাই, নিজের ৩৭তম জন্মদিন পালন করছেন এই অভিনেত্রী। তাঁর সাফল্যের গল্পটা সাধারণ সিনেমার গল্পের চেয়ে কোনো অংশে কম নয়। ক্যামেরার সামনে আসার আগে যে মানুষটি টানা ছয় বছর ক্যামেরার নেপথ্যে থেকে কাজ করেছেন, আজ তিনি নিজের অভিনয়শৈলী দিয়ে মাত করে রেখেছেন গোটা দর্শককুলকে। আজ অভিনেত্রীর জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর বর্ণময় জীবন ও সাফল্যের অজানা সব মুহূর্ত।

১৯৮৯ সালের ১৮ জুলাই মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন ভূমি। তাঁর পারিবারিক পটভূমি ছিল বেশ উচ্চস্তরের। বাবা সতীশ পেডনেকর ছিলেন মহারাষ্ট্র সরকারের প্রাক্তন গৃহ ও শ্রমমন্ত্রী, আর মা সুমিত্রা পেডনেকর। রাজনৈতিক ও সম্ভ্রান্ত পরিবারে বেড়ে ওঠা ভূমি কিন্তু শুরুতে অভিনয়ের কথা ভাবেননি। যশরাজ ফিল্মসে একজন সহকারী কাস্টিং ডিরেক্টর হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। প্রায় ছয় বছর ধরে তিনি ইন্ডাস্ট্রির পর্দার পেছনের কারিগর হিসেবে কাজ করেছেন। এরপর ২০১৫ সালে ‘দম লগা কে হঈশা’ ছবির মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক হয়। আয়ুষ্মান খুরানার বিপরীতে এই ছবিতে অভিনয় করে ভূমি শুধু দর্শকদের মন জয় করেননি, জিতে নিয়েছিলেন ‘ফিল্মফেয়ার বেস্ট ফিমেল ডেবিউ অ্যাওয়ার্ড’।

সাফল্যের প্রথম সিঁড়ি পাওয়ার পর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘শুভ মঙ্গল সাবধান’, এবং ‘বালা’-র মতো ছবিতে তাঁর অভিনয় ক্ষমতা সমালোচকদেরও তাক লাগিয়ে দিয়েছিল। তিনি বারবার প্রমাণ করেছেন যে, কোনো নির্দিষ্ট ছাঁচে তিনি বন্দি নন। প্রতিটি চরিত্রকে নিজের সত্তায় ধারণ করার সহজাত ক্ষমতা তাঁকে বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় জায়গা করে দিয়েছে।

তবে কেবল অভিনয়ের গণ্ডিতে নিজেকে আটকে রাখেননি ভূমি। ২০১৮ সালে ফোর্বস ইন্ডিয়া তাঁকে ‘৩০ আন্ডার ৩০’ তালিকায় স্থান দেয়। তিনি কেবল একজন অভিনেত্রী হিসেবেই সফল নন, একজন সচেতন নাগরিক হিসেবেও দায়িত্ব পালন করে চলেছেন। ২০১৯ সালে তিনি শুরু করেন ‘ক্লাইমেট ওয়ারিয়র’ (Climate Warrior) নামক একটি বিশেষ অভিযান, যার উদ্দেশ্য ছিল পরিবেশ সংরক্ষণ এবং গ্লোবাল ওয়ার্মিং নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা। এছাড়াও, তিনি রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচির (UNDP) সাথে যুক্ত হয়ে কাজ করছেন।

একজন সফল অভিনেত্রী, সমাজসেবী এবং পরিবেশ কর্মী—সব মিলিয়ে ভূমি পেডনেকর আজ নতুন প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার নাম। রুপোলি পর্দার চাকচিক্য ছেড়ে বাস্তবমুখী ও সমাজ সচেতনতামূলক চরিত্রে কাজ করার সাহস দেখানোই তাঁর অনন্যতা। ৩৭ বছরে পা দিয়েও তিনি আরও অনেক নতুন চমক দেওয়ার জন্য তৈরি। জন্মদিনে এই অসামান্য অভিনেত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।