জয়ের ধারায় কি ফিরবে ব্ল্যাক প্যান্থার্স? এরিয়ান বধের লক্ষ্যে মরিয়া মহামেডান

কলকাতা ফুটবল লিগে দুর্দান্ত শুরুর পর এবার জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই মহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে মূল চ্যালেঞ্জ। রেনবো এসসি-র বিরুদ্ধে প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও যেভাবে দুরন্ত কামব্যাক করেছিল সাদা-কালো ব্রিগেড, তাতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ফুটবলাররা। জুয়েল, ফারদিন এবং ইসরাফিলদের গোলের ফর্ম দলের জন্য স্বস্তির খবর। এই জয়ের ছন্দ ধরে রেখেই আগামীকাল দুপুরে প্রিমিয়ার ডিভিশন লিগের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী এরিয়ান ক্লাবের বিরুদ্ধে নামছে ব্ল্যাক প্যান্থার্স।

তবে প্রথম ম্যাচের জয়কে এখনই মাথায় বসাতে রাজি নন কোচ মেহেরাজুদ্দিন ওয়াডু। এরিয়ান ক্লাবের মতো শক্তিশালী প্রতিপক্ষকে সমীহ করেই তিনি দল সাজাচ্ছেন। ম্যাচের আগের দিন কোচ বলেন, “প্রথম ম্যাচ আমরা জিতেছি ঠিকই, তবে সেটা এখন অতীত। জয়ের ধারা বজায় রাখাই আমাদের একমাত্র লক্ষ্য। ছেলেরা যথেষ্ট আশাবাদী এবং প্রতিটি ম্যাচ থেকে আমরা উন্নতির চেষ্টা করছি।”

প্রাক-মরসুম প্রস্তুতির জন্য খুব একটা সময় পাননি ফুটবলাররা, এই বাস্তব স্বীকার করে নিলেও কোচ ওয়াডুর বিশ্বাস, ম্যাচ যত এগোবে, দলের ফিটনেস ও বোঝাপড়া ততই উন্নত হবে। নতুন ও পুরনো ফুটবলারদের মিশেলে গড়া এই দলটির পারফরম্যান্স নিয়ে কোচ বলেন, “খুশি তো আমি তখনই হব যখন আমরা টানা জিতব। পুরনোরা জানে তাদের দায়িত্ব কী, আর নতুনরা খুব দ্রুত মানিয়ে নিচ্ছে এবং শেখার প্রবল আগ্রহ দেখাচ্ছে। দিনের শেষে দল হিসেবে পারফর্ম করাই আসল।”

রেনবো ম্যাচে দ্বিতীয়ার্ধে যে আক্রমণাত্মক ফুটবল খেলেছিল মহামেডান, তার পুনরাবৃত্তিই দেখা যেতে পারে আগামীকাল। এরিয়ান ক্লাবও লিগে নিজেদের জায়গা করে নিতে মরিয়া থাকবে, তাই মহামেডান রক্ষণভাগকেও থাকতে হবে বাড়তি সতর্ক। রেনবোর বিরুদ্ধে জয় আসলেও রক্ষণভাগের কিছু খামতি চোখে পড়েছিল, যা নিয়ে অনুশীলনে বিশেষ গুরুত্ব দিয়েছেন কোচ।

মরসুমের শুরুতেই টানা দুই জয় লিগ টেবিলের দৌড়ে মহামেডানকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিতে পারে। সমর্থকদের প্রত্যাশার চাপ মাথায় নিয়ে ব্ল্যাক প্যান্থার্সরা কি পারবে এরিয়ান দুর্গ গুঁড়িয়ে তিন পয়েন্ট তুলে নিতে? সেই উত্তর মিলবে আগামীকাল দুপুরের ম্যাচেই। তবে কোচ মেহেরাজুদ্দিন ওয়াডুর কৌশলে এবং ফুটবলারদের লড়াকু মানসিকতায় জয়ের ব্যাপারে আশাবাদী ময়দানের সাদা-কালো সমর্থকরা।