মেসি-ট্রাম্পের সামনে মহারণ! বিশ্বকাপের জমকালো সমাপ্তি অনুষ্ঠানে কারা মাতাবেন মঞ্চ?

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা এখন তুঙ্গে। রবিবার রাতে ফুটবল বিশ্বের মহাকাব্যিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে নিউ জার্সির মাঠ। তবে কেবল আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনালই নয়, মেগা ফাইনালের আগে হতে চলেছে এক বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান, যা গ্ল্যামার এবং তারকার রোশনাইতে কানায় কানায় পূর্ণ হতে চলেছে। ফিফা কর্তৃক ঘোষিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিশ্বজুড়ে শুরু হয়েছে উন্মাদনা।
ফাইনাল ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে, অর্থাৎ ভারতীয় সময় রবিবার রাত ১১টায় শুরু হবে এই জমকালো সমাপনী অনুষ্ঠান। স্টেডিয়ামের মঞ্চ মাতাতে থাকছেন আন্তর্জাতিক সঙ্গীত জগতের অন্যতম নাম মার্কিন গায়ক পোস্ট ম্যালোন। ফিফার এই সিদ্ধান্তে ফুটবল ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা কাজ করছে। তবে কেবল সঙ্গীত নয়, অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করতে হাজির থাকবেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। এছাড়াও মঞ্চ কাঁপাতে দেখা যাবে ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামস, ইতালির ‘নাইট অ্যাঙ্গেল’ লরা পাওসিনি, মার্কিন শিল্পী নিকোল শেরজিঙ্গার এবং সোশ্যাল মিডিয়া সেনসেশন আইশোস্পিডকে।
অনুষ্ঠানের গাম্ভীর্য বজায় রাখতে অস্কারজয়ী গায়িকা জেনিফার হাডসন পরিবেশন করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী অনুষ্ঠানেও থাকবে বিশ্ব সংস্কৃতির মেলবন্ধন।
এই আয়োজনের সবথেকে বড় আকর্ষণ হতে চলেছে ভিআইপি বক্সে। আয়োজক দেশের প্রেসিডেন্ট হিসেবে মাঠে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প। শোনা যাচ্ছে, খোদ ট্রাম্পই বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে প্রেসিডেন্টের ম্যাচ দেখার বিষয়টি পুরো অনুষ্ঠানকে এক রাজনৈতিক ও ক্রীড়া সংমিশ্রণের রূপ দিয়েছে।
উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপের সূচনা হয়েছিল মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রে পৃথক তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। শাকিরা, কেটি পেরি, লিসা-র মতো তারকাদের উপস্থিতিতে শুরু হওয়া সেই সফরের সমাপ্তি এবার ঘটতে চলেছে নিউ জার্সিতে। রবিবার রাত ১১টা থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি কেবল ফুটবলপ্রেমী নয়, বিনোদনপ্রেমী দর্শকদের জন্যও এক দারুণ প্রাপ্তি হতে চলেছে। সোমবার রাত সাড়ে ১২টায় মাঠে গড়াবে চূড়ান্ত লড়াই—আর্জেন্টিনা বনাম স্পেন। কে জিতবে ট্রফি? উত্তর মিলবে রবিবার রাতেই!