বাংলায় শিল্প বিপ্লব! বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ শ্যাম স্টিলের, আসছেন মুখ্যমন্ত্রী

রাজ্যের শিল্প মানচিত্রে এক নতুন অধ্যায় সূচিত হতে চলেছে। শিল্পক্ষেত্রে এক বিশাল জোয়ার আনতে বাঁকুড়ার মেজিয়ায় প্রায় ১৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে শ্যাম স্টিল। মূলত মেজিয়ায় অবস্থিত সংস্থার কারখানাটির পরিকাঠামোগত উন্নয়ন এবং ব্যাপক সম্প্রসারণের লক্ষ্যেই এই বিপুল অঙ্কের বিনিয়োগ করা হচ্ছে। এই মেগা প্রকল্পের শিলান্যাস করতে আগামীকাল, শুক্রবার বাঁকুড়ায় উপস্থিত হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরে তাঁর সঙ্গী হিসেবে থাকছেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য, পূর্ত দফতরের মন্ত্রী অজয় কুমার পোদ্দার এবং পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিং-সহ রাজ্য মন্ত্রিসভার একগুচ্ছ গুরুত্বপূর্ণ সদস্য। শুক্রবার দুপুর বারোটা নাগাদ বিশেষ হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীরা বাঁকুড়ার মেজিয়ায় পৌঁছাবেন বলে নিশ্চিত করা হয়েছে।
শিল্পোন্নত রাজ্যের স্বপ্ন বাস্তবায়নে বাঁকুড়ার মতো পিছিয়ে থাকা এবং খরাপ্রবণ জেলাকে বেছে নেওয়ায় অর্থনৈতিক মহলে ইতিবাচক সাড়া পড়েছে। স্থানীয় বিধায়ক চন্দনা বাউরির দাবি, এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে মেজিয়া এবং পার্শ্ববর্তী এলাকায় কর্মসংস্থানের এক অভূতপূর্ব জোয়ার আসবে।
শ্যাম স্টিলের এই কারখানা সম্প্রসারণ প্রকল্পটি দীর্ঘমেয়াদী এবং পরিকাঠামোগতভাবে অত্যন্ত শক্তিশালী। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিনিয়োগ শুধুমাত্র কারখানার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে না, বরং বাঁকুড়ার সার্বিক আর্থ-সামাজিক পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটাবে। এই বেসরকারি কারখানার সম্প্রসারণ সম্পূর্ণ হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। স্থানীয় বেকার যুবকদের মধ্যে এখন নতুন করে স্বপ্ন দেখা শুরু হয়েছে। বাঁকুড়ার মতো একটি শিল্পক্ষেত্রে পিছিয়ে থাকা অঞ্চলে এই মেগা প্রকল্প যে মেজিয়াকে শিল্পের মূল ধারায় নিয়ে আসবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মুখ্যমন্ত্রীর শিলান্যাস অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে মেজিয়া জুড়ে এখন সাজ সাজ রব।