বারবার কফিতেই কি ক্লান্তি কাটছে? জেনে নিন কেন এটি আপনার শরীরের জন্য বিপজ্জনক হতে পারে!

কর্মক্ষেত্রে দুপুরের দিকে চোখ ভারী হয়ে আসা বা শরীর ঝিমিয়ে পড়ার সমস্যাটি এখন ঘরে ঘরে। এই ক্লান্তিকে তুড়ি মেরে ওড়াতে অধিকাংশ মানুষই শরণাপন্ন হন কফির। কেউ এক কাপে সন্তুষ্ট, আবার কেউ বা চতুর্থ কাপেও চুমুক দিতে দ্বিধা করেন না। কিন্তু কফির এই অভ্যাস কি সত্যিই ক্লান্তি দূর করে, নাকি কেবল সাময়িক আড়াল মাত্র? বিশেষজ্ঞরা বলছেন, ভুল সময়ে ও অতিরিক্ত মাত্রায় কফি পান আপনার ঘুমের চক্র ও মানসিক স্বাস্থ্যের ওপর ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কফি শরীরের শক্তির উৎস নয়। কফিতে থাকা ক্যাফেইন আমাদের মস্তিষ্কের ‘অ্যাডিনোসিন’ নামক একটি রাসায়নিকের কাজে সাময়িক বাধা দেয়। এই অ্যাডিনোসিনই শরীরকে ঘুমের সংকেত পাঠায়। ক্যাফেইন যখন এর প্রভাব কমিয়ে দেয়, তখন সাময়িক ক্লান্তি দূর হয়। অর্থাৎ, কফি প্রকৃত ক্লান্তি দূর করে না, বরং ক্লান্তির অনুভূতিকে কিছু সময়ের জন্য আড়াল করে রাখে। তাই শরীরে যখন সত্যি বিশ্রামের প্রয়োজন, তখন কেবল কফি পান করে সেই প্রয়োজন মেটানো সম্ভব নয়।

কফিকে অনেক সময় অন্যায়ভাবে স্বাস্থ্যের শত্রু হিসেবে দেখা হয়, কিন্তু সমস্যা কফিতে নয়, এর পানের অভ্যাসে। অতিরিক্ত চিনি মেশানো কফি স্বাস্থ্যের ক্ষতি করে। গবেষণায় দেখা গেছে, চিনি ছাড়া দিনে দুই কাপ কফি লিভার এনজাইম ঠিক রাখা এবং লিভার ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। তবে অতিরিক্ত পান করলেই উপকার বেশি পাওয়া যায়—এমন ধারণা ভুল।

যারা সারাদিন ঘন ঘন কফি পান করেন, তারা প্রায়শই ‘ক্যাফেইন ক্র্যাশ’-এর শিকার হন। ক্যাফেইনের প্রভাব কেটে যাওয়ার পর শরীর যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তখন আগের চেয়ে বেশি ক্লান্তি ভর করে। এই ক্লান্তি দূর করতে অনেকে আবার কফি পান করেন, যা দীর্ঘমেয়াদী অভ্যাসে পরিণত হয়। ক্যাফেইনের ‘হাফ-লাইফ’ প্রায় ৫ থেকে ৬ ঘণ্টা। অর্থাৎ বিকেল ৩টের কফির প্রভাব রাত ৯টা পর্যন্ত শরীরে থেকে যেতে পারে, যা ঘুমের বড় ব্যাঘাত ঘটায়।

কর্মক্ষেত্রের ক্লান্তির মূল কারণ সবসময় কাজের চাপ নয়। ডিহাইড্রেশন, ভারী দুপুরের খাবার, ভিটামিন বি১২ বা ডি-এর ঘাটতি, অথবা দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণেও ক্লান্তি আসতে পারে। তাই কেবল ক্যাফেইনের ওপর ভরসা না করে ক্লান্তির আসল কারণ খুঁজুন। বিকল্প হিসেবে গ্রিন টি বা ‘কফি ন্যাপ’ (১৫-২০ মিনিটের ঘুমের আগে অল্প কফি) ট্রাই করতে পারেন।

এফডিএ (FDA)-এর মতে, সুস্থ প্রাপ্তবয়স্করা দিনে সর্বোচ্চ ৪০০ মিলিগ্রাম বা ৩-৪ কাপ কফি পান করতে পারেন। তবে যাদের উচ্চ রক্তচাপ বা ঘুমের সমস্যা আছে, তাদের ক্যাফেইন গ্রহণে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, কফি ক্লান্তির সাময়িক সঙ্গী হতে পারে, কিন্তু এটি পর্যাপ্ত ঘুম বা সুষম খাদ্যাভ্যাসের বিকল্প নয়। তাই কফিকে উপভোগ্য পানীয় হিসেবে গ্রহণ করুন, কিন্তু ক্লান্তির স্থায়ী সমাধান হিসেবে নয়।