“E20-তে ক্ষতি?”-মাইলেজ কমার কথা মেনে নিয়ে যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি

দেশজুড়ে E20 পেট্রল (২০ শতাংশ ইথানল মিশ্রিত জ্বালানি) চালুর পর থেকেই গাড়ির মাইলেজ কমে যাওয়া এবং ইঞ্জিনের ক্ষতি হওয়া নিয়ে এক গভীর সংশয় তৈরি হয়েছিল সাধারণ মানুষের মনে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক দাবি ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এবার সরাসরি ময়দানে নামলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতীন গড়করি।

মাইলেজ কি সত্যিই কমছে? সাক্ষাৎকারে মন্ত্রী স্বীকার করে নিয়েছেন যে, হাইওয়েতে ইথানল মিশ্রিত পেট্রলে মাইলেজ কিছুটা কম হতে পারে। এর কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন, ইথানলের ‘ক্যালোরিফিক ভ্যালু’ সাধারণ পেট্রলের তুলনায় কিছুটা কম। তবে তাঁর মতে, শহরের ট্রাফিকে ইথানল মিশ্রিত পেট্রল ও সাধারণ পেট্রলের মাইলেজে কোনো বিশেষ পার্থক্য নেই। তাই একে ‘খারাপ জ্বালানি’ হিসেবে আখ্যা দেওয়া ভুল।

ইঞ্জিনের ক্ষতি ও ওয়ারেন্টি নিয়ে যা বললেন মন্ত্রী গাড়ির ইঞ্জিনের ক্ষতি হওয়ার অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন গড়করি। তাঁর দাবি, এ বিষয়ে সরকারের কাছে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “যদি ইথানল মিশ্রিত জ্বালানির কারণে ওয়ারেন্টি চলাকালীন গাড়ির কোনো ক্ষতি হয়, তবে সংশ্লিষ্ট গাড়ি প্রস্তুতকারক সংস্থাই সেই ক্ষতিপূরণ বা মেরামতের দায়িত্ব নেবে।” এমনকি গ্রাহক সন্তুষ্ট না হলে কনজ্যুমার আদালতের দ্বারস্থ হওয়ার অধিকারও তাঁদের রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

সবসময় কি E20-ই ভরসা? একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন, কেউ যদি ইথানল মিশ্রিত পেট্রল ব্যবহার করতে না চান, তবে তিনি ১০০ শতাংশ বিশুদ্ধ পেট্রল ব্যবহার করতেই পারেন। তবে সেক্ষেত্রে গ্রাহককে স্বাভাবিকের চেয়ে বেশি দাম দিতে হবে। অর্থাৎ, সাধারণ পেট্রলের বিকল্প পুরোপুরি বন্ধ হচ্ছে না, তবে তার জন্য অতিরিক্ত খরচ বহন করতে হবে।

কেন এই ইথানল নীতি? মন্ত্রী জানিয়েছেন, এটি নিছক জ্বালানি বদলের বিষয় নয়, বরং ‘আত্মনির্ভর ভারত’ গঠনের বৃহত্তর পরিকল্পনা। অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরতা কমিয়ে গ্রামীণ অর্থনীতি ও কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যেই এই নীতি নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইথানল নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে জনগণকে সতর্ক করে তিনি বলেছেন, যাচাই না করে কোনো তথ্যে বিশ্বাস না করতে।

উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলেই ভারত ২০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা পূরণ করেছে। নীতীন গড়করির এই স্পষ্ট বক্তব্যের পর E20 জ্বালানি নিয়ে সাধারণ মানুষের মনে থাকা অনেক প্রশ্নের উত্তর মিলবে বলে আশা করা হচ্ছে।