নিট পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট! কীভাবে দেখবেন স্ক্যান করা উত্তরপত্র? জানুন চ্যালেঞ্জের নিয়ম

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) সম্প্রতি নিট (NEET) (UG) 2026-এর পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে পরীক্ষার্থীদের ওএমআর (OMR) শিট এবং স্ক্যান করা উত্তরপত্র অনলাইনে প্রকাশ করেছে। যে সকল পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাঁরা এখন এনটিএ-এর অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-এ গিয়ে তাঁদের উত্তরপত্র যাচাই করতে পারবেন। এই প্রক্রিয়াটি পরীক্ষার্থীদের স্বচ্ছতার সাথে ফলাফল মূল্যায়নে সহায়তা করবে।

কীভাবে দেখবেন ওএমআর শিট?
পরীক্ষার্থীরা তাঁদের লগ-ইন তথ্যের মাধ্যমে ওএমআর শিট দেখতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করতে হবে। এরপর ওটিপি (OTP) যাচাইকরণ সম্পন্ন হলে ড্যাশবোর্ডে “ওএমআর শিট ও রেকর্ড করা উত্তরপত্র দেখুন/চ্যালেঞ্জ করুন” নামে একটি অপশন পাওয়া যাবে। এখানে ক্লিক করলেই পরীক্ষার্থীরা তাঁদের স্ক্যান করা উত্তরপত্রটি দেখতে পাবেন এবং মিলিয়ে নিতে পারবেন যে পরীক্ষার হলে তাঁরা যে উত্তরগুলো চিহ্নিত করেছিলেন, তা সঠিকভাব রেকর্ড হয়েছে কি না।

আপত্তি জানানোর প্রক্রিয়া ও ফি:
পরীক্ষার্থীরা যদি দেখেন যে, তাঁদের দেওয়া উত্তর এবং স্ক্যানারে রেকর্ড করা তথ্যের মধ্যে গরমিল রয়েছে, তবে তাঁরা অনলাইনে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পাবেন। এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের আপত্তির জন্য ২০০ টাকা নির্দিষ্ট ফি জমা দিতে হবে। নেট ব্যাঙ্কিং, ডেবিট ও ক্রেডিট কার্ড বা ইউপিআই (UPI)-এর মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে। এনটিএ স্পষ্টভাবে জানিয়েছে, যদি পরীক্ষার্থীর আপত্তি সঠিক বলে প্রমাণিত হয়, তবে সেই নির্দিষ্ট প্রশ্নের জন্য জমা দেওয়া ফি ফেরত দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ সময়সীমা ও নির্দেশিকা:
এনটিএ-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ওএমআর শিট চ্যালেঞ্জ করার শেষ তারিখ ১৫ জুলাই, 2026। পরীক্ষার্থীদের মনে রাখতে হবে যে, এই চ্যালেঞ্জ প্রক্রিয়াটি শুধুমাত্র ওএমআর শিটে রেকর্ড করা উত্তরের গরমিল যাচাইয়ের মধ্যেই সীমাবদ্ধ। কোনো প্রশ্ন বা উত্তরপত্রের মূল বিষয়বস্তু নিয়ে নতুন করে আপত্তি জানানোর সুযোগ এই পর্যায়ে থাকবে না। শুধুমাত্র স্ক্যানারের ভুলত্রুটি সংশোধনের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে।

সহায়তার জন্য যোগাযোগ:
পরীক্ষার্থীরা যদি লগ-ইন করতে বা উত্তরপত্র দেখতে কোনো প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হন, তবে দ্রুত এনটিএ-এর হেল্পলাইন নম্বর 011-40759000 বা 011-69227700-এ যোগাযোগ করতে পারেন। এছাড়া কোনো লিখিত সমস্যার ক্ষেত্রে neetug2026@nta.ac.in এই ইমেল ঠিকানায় মেইল করা যাবে। পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে, শেষ সময়ের জন্য অপেক্ষা না করে ১৫ জুলাইয়ের মধ্যেই প্রয়োজনীয় যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করে নিতে। স্বচ্ছতা বজায় রাখতে এবং ফলাফল নিয়ে কোনো বিভ্রান্তি এড়াতে এই সুযোগটি কাজে লাগানো সকল পরীক্ষার্থীর জন্য বাঞ্ছনীয়।