‘টুকরে টুকরে গ্যাং’ বিরোধীরা! বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল নেতাদের প্রশংসা করে বিস্ফোরক দিলীপ ঘোষ

রাজ্য রাজনীতিতে তৃণমূলের তিন প্রাক্তন রাজ্যসভা সাংসদের বিজেপিতে যোগদানের ইস্যু এখন উত্তাল। এই দলবদল এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিরোধীদের তীব্র আক্রমণ করে তিনি বলেন, “বিরোধীরা এখন টুকরে টুকরে গ্যাং। গণতন্ত্রের জন্য এটি অশনি সংকেত। আমরা চাই বিরোধীরা শক্তিশালী হোক, কিন্তু যারা নিজেরা ঠিক পথে চলেনি, তারা সরকারকে কী দিশা দেবে?”

দিলীপ ঘোষ বিশেষ করে প্রশংসা করেন সুখেন্দু শেখর রায়ের। তিনি বলেন, “সুখেন্দু বাবু গুণী লোক। সংসদে তাঁর সঙ্গে দেখা হয়েছে। আর জি কর ইস্যুসহ বিভিন্ন ক্ষেত্রে তিনি দলের নীতির বিরুদ্ধে গিয়ে মেরুদণ্ড সোজা রেখে কথা বলেছেন। তাঁকে কেউ বদমাশ বলতে পারবে না।” শমীক ভট্টাচার্যকে টার্গেট করার বিষয়টিও তিনি খণ্ডন করেন। তিনি সাফ জানান, শমীকবাবু একা কোনো সিদ্ধান্ত নেন না, এটি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই হয়েছে। সরকার চালাতে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, সেই লক্ষ্যেই এই দলবদল।

বাংলায় শিল্পায়ন নিয়ে দিলীপ ঘোষ অত্যন্ত আশাবাদী। তিনি বলেন, “বিজেপির ইমেজ শিল্পবান্ধব। নির্বাচনের আগে অনেক শিল্পপতি কাজ করতে চেয়েও তৃণমূলের বাধায় পারেননি। এখন তারা যোগাযোগ করছেন। বিগত ৫০ বছরে এমন শিল্প অনুকূল পরিবেশ বাংলায় ছিল না।”

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পেল টেস্টে গড়িমসি নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, “আদালত যখন নির্দেশ দিচ্ছে, তখন ভয় পাওয়ার কী আছে? সহযোগিতা করব বলে এখন উল্টো করছেন। তার মানে ‘ডাল মে কুছ কালা হ্যায়’।” অভিষেককে ঘিরে ডিমে হামলার ঘটনা নিয়েও তিনি টিপ্পনি কাটেন। তিনি বলেন, “তৃণমূলের দুষ্কৃতিরা তো আগে আমাদের কর্মীদের মাথা ফাটিয়েছে। এখন দু-একটা ডিম যদি উনি খেয়ে থাকেন, তাতে অসুবিধা কী? বাড়িতে সেদ্ধ খান, এখন বাইরে একটু কাঁচা ডিম খান!”