কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে! অভিষেকের আর্জিতে ফের ধাক্কা হাইকোর্টে, কী জানালেন বিচারপতি?

কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি লড়াইয়ে ফের বড়সড় ধাক্কা। মামলার দ্রুত শুনানির আর্জি আবারও খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এর আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্টভাবে জানিয়েছিলেন যে, মূল মামলাটি যেখানে বিচারাধীন, সেখানে নতুন করে কোনো মামলার শুনানি সম্ভব নয়। সেই পরামর্শ মেনে বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিষেকের আইনজীবীরা। কিন্তু বিচারপতি ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন যে, মঙ্গলবারের আগে কোনো শুনানির আবেদন তিনি গ্রহণ করবেন না। ফলে আপাতত আইনি জট কাটল না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
ঘটনার সূত্রপাত বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন অভিষেকের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে। প্রচারে তিনি বলেছিলেন, ৪ মে ভোটের ফল ঘোষণার পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। এই মন্তব্যের জেরে সল্টলেকে তাঁর বিরুদ্ধে সাইবার অপরাধের ধারায় মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য বিধাননগর আদালতে আবেদন জানিয়েছিল সিআইডি। আদালত সেই আবেদন মঞ্জুর করে। এরপর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে ধর্ণা দিয়েছেন।
মঙ্গলবার বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা ছিল, কিন্তু অভিষেক সেখানে উপস্থিত হননি। সিআইডির তরফে বিচারককে জানানো হয়, অভিষেক কলকাতা হাইকোর্টে মামলা নিয়ে ব্যস্ত রয়েছেন। এই পরিস্থিতিতে আদালত আগামী ৮ জুলাই সকাল ১০টায় পুনরায় তাঁকে বিধাননগর আদালতে উপস্থিত হয়ে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে।
এই মামলাকে কেন্দ্র করে হাইকোর্টে জলঘোলা কম হয়নি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলায় কোনো স্থগিতাদেশ দেননি এবং অভিষেককে কোনো রক্ষাকবচ প্রদান করতেও অস্বীকার করেছেন। উল্টে, তদন্তে আদালত সরাসরি হস্তক্ষেপ করতে পারে না বলে পর্যবেক্ষণ দিয়ে মামলাটি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠিয়ে দিয়েছেন। এখন ৮ জুলাই বিধাননগর আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হন কিনা, সেদিকেই তাকিয়ে আছে রাজ্যের রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ। তবে আদালত থেকে কোনো স্বস্তি না মেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি লড়াই আরও কঠিন হয়ে পড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।