তৃণমূলে নতুন সমীকরণ: “অরূপ রায়ই দলের আসল চেয়ারম্যান”, দাবি ঋতব্রতর, সরগরম রাজ্য রাজনীতি

তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্ষমতার লড়াই এখন তুঙ্গে। বৃহস্পতিবার ভারতের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নতুন নেতৃত্বের রূপরেখা স্পষ্ট করে দিলেন। তিনি জোর দিয়ে ঘোষণা করেন যে, বর্তমানে অরূপ রায়ই দলের চেয়ারম্যান।

নির্বাচন কমিশনে কী বললেন ঋতব্রত? নির্বাচন কমিশনের কাছে কোনো ‘দাবি’ নিয়ে তাঁরা যাননি বলে দাবি করে ঋতব্রত জানান, তাঁদের বার্তা ছিল—আসল দল এবং সংখ্যাগরিষ্ঠ নেতৃত্ব তাঁদের সঙ্গেই রয়েছে। ঋতব্রতর কথায়, “আমাদের দলের চেয়ারম্যান শ্রী অরূপ রায়। আমি একদম পরিষ্কার (লাউড অ্যান্ড ক্লিয়ার) করে দিচ্ছি।” বিধায়ক, কাউন্সিলর এবং জেলা পরিষদ সদস্যদের একটি বড় অংশ তাঁদের সঙ্গেই রয়েছেন বলে দাবি করেন তিনি।

‘পার্টি হাইজ্যাক’-এর অভিযোগ সরাসরি নাম না করলেও বর্তমান নেতৃত্বের প্রতি তীব্র আক্রমণ শানিয়েছেন ঋতব্রত। তাঁর বিস্ফোরক অভিযোগ, “একটি পার্টিকে চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক করা হয়েছিল। রাজনৈতিক দলটি একটা পারিবারিক সম্পত্তিতে, অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল।” এই ‘একনায়কতন্ত্র’-এর বিরুদ্ধেই তাঁদের এই লড়াই বলে তিনি উল্লেখ করেন।

সংগঠনের ওপর নিয়ন্ত্রণ গত ২২ তারিখ দলের যে ‘বিশেষ প্রতিনিধি অধিবেশন’ (Delegate Session) সম্পন্ন হয়েছে, তাকেই নিয়মানুগ বলে দাবি করেছেন ঋতব্রত। কমিশনের কাছে তাঁরা সমস্ত নথিপত্র জমা দিয়েছেন এবং কমিশন তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। ঋতব্রতর কথায়, তৃণমূলে ‘আমি’ বলে কিছু নেই, লড়াইটা সমষ্টিগত বা ‘আমরা’-র।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য দলের অভ্যন্তরীণ বিভাজনকে আরও প্রকাশ্যে নিয়ে এল। অরূপ রায়কে চেয়ারম্যান হিসেবে তুলে ধরা এবং দলকে ‘প্রাইভেট লিমিটেড কোম্পানি’ বলে আক্রমণ—সব মিলিয়ে তৃণমূলের অন্দরে এখন এক চূড়ান্ত ক্ষমতার লড়াই চলছে, যা কমিশনের সিদ্ধান্তের ওপরই অনেকটা নির্ভর করছে।