চাকরি নয়, এবার নিজের ব্যবসা গড়ার সুযোগ! আদানি গ্রুপের হাত ধরে সফল হওয়ার পথ এখন আপনার মুঠোয়

চাকরি খোঁজার দিন শেষ, এবার নিজের ব্যবসার মালিক হওয়ার পালা। আপনার মস্তিষ্ক যদি নতুন কোনো উদ্ভাবনী আইডিয়াতে ঠাসা থাকে, তবে আপনার জন্য সুযোগ নিয়ে এসেছে আদানি গ্রুপ। সংস্থার চেয়ারম্যান গৌতম আদানির ৬৪তম জন্মদিনে এক ঐতিহাসিক উদ্যোগের সূচনা করা হয়েছে, যার নাম ‘বন্দে ভারতম’। ভারতের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাগুলোকে মূল ধারায় নিয়ে আসতে এবং তাদের ব্যবসাকে সফল করতে এই দেশব্যাপী কর্মসূচির ডাক দিয়েছেন গৌতম আদানি।

কী এই ‘বন্দে ভারতম’?
এই উদ্যোগটি শুধুমাত্র বড় শহরের মেধাবীদের জন্য নয়। ভারতের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং ৮০০টিরও বেশি জেলা থেকে উদ্যোক্তাদের খুঁজে বের করাই এর মূল লক্ষ্য। আপনার বয়স কত, শিক্ষাগত যোগ্যতা কী, বা আপনার ব্যবসা রেজিস্টার্ড কি না—এসবের কোনো বালাই নেই। আপনার আইডিয়া যদি নতুন এবং কার্যকর হয়, তবেই আপনি এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন। গ্রাম, মফস্বল কিংবা শহর—যেখান থেকেই হোক, উদ্ভাবনী মানসিকতা থাকলেই আপনি যোগ্য প্রার্থী।

কোন কোন ক্ষেত্রে সুযোগ?
প্রযুক্তি, উৎপাদন শিল্প, কৃষি, টেকসই উন্নয়ন, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং সামাজিক সমাধান—এই ধরনের বিভিন্ন খাতের উদ্যোক্তাদের জন্য দরজা খোলা রয়েছে। বিশেষ করে নারী উদ্যোক্তা, আদিবাসী গোষ্ঠী, গ্রামীণ উদ্ভাবক এবং বিশেষভাবে সক্ষম (দিব্যাঙ্গ) উদ্যোক্তাদের জন্য এই প্রতিযোগিতায় রয়েছে বিশেষ বিভাগ বা ‘ট্র্যাক’।

মেন্টরশিপ ও বিনিয়োগের সুযোগ
আবেদনকারীদের মধ্য থেকে আঞ্চলিক পর্যায়ে বাছাই করার পর ৭৫ জন সেরা প্রতিযোগীকে আহমেদাবাদে ডেকে পাঠানো হবে। সেখানে তাঁদের দেওয়া হবে ইন্ডাস্ট্রি লিডারদের কাছ থেকে মেন্টরশিপ, বিনিয়োগের সুযোগ এবং ইনকিউবেশন সহায়তা। স্বাধীনতা দিবসের আশেপাশে অনুষ্ঠিত হবে এর গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত বিজয়ী পাবেন পুরস্কারের অর্থ এবং কৌশলগত অংশীদারিত্বের অনন্য সুযোগ।

আবেদন করবেন কীভাবে?
গৌতম আদানি বলেছেন, “ভারতের মাটিতে প্রতিভার অভাব নেই, অভাব শুধু সুযোগের।” সেই সুযোগ পৌঁছে দিতেই এই উদ্যোগ। ২৪ জুন থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। দেরি না করে আদানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনার স্টার্টআপ প্ল্যান বা প্রোটোটাইপ জমা দিন। আপনার একটি সঠিক সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই গড়ে উঠতে পারে আগামীর বড় কোনো স্টার্টআপ সাম্রাজ্য। বাঙালি উদ্যোক্তারা এবার নিজেদের মেধার স্বাক্ষর রাখতে তৈরি হয়ে যান!