রাতের অন্ধকারে বর্ধমান হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হানা! অব্যবস্থা দেখে ক্ষোভে ফুঁসলেন শারদ্বত মুখোপাধ্যায়

পূর্ব বর্ধমানের বড়শুল ব্লক হাসপাতাল এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রাতের অন্ধকারে আচমকা পরিদর্শনে গিয়ে শোরগোল ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। হঠাতই এই ধরনের আকস্মিক পরিদর্শনের জেরে গোটা হাসপাতালের প্রশাসনিক মহলে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মূলত জরুরি বিভাগের সার্বিক পরিষেবা, সাধারণ রোগীদের চিকিৎসা পরিকাঠামো এবং হাসপাতালের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিজের চোখে খতিয়ে দেখতেই এই বিশেষ অভিযান চালান স্বাস্থ্যমন্ত্রী। তবে পরিদর্শনে গিয়ে হাসপাতালের একাধিক জায়গায় বেহাল ও নোংরা পরিবেশ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর নজর এড়ায়নি বহু গুরুত্বপূর্ণ ত্রুটি-বিচ্যুতি। ওয়ার্ডগুলির ভেতরের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি তিনি নার্সিং স্টাফ এবং মহিলা চিকিৎসকদের জন্য পৃথক ও উপযুক্ত বিশ্রাম কক্ষের তীব্র অভাবের কথা বিশেষভাবে উল্লেখ করেন। বর্তমান পরিস্থিতিতে মহিলা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও সুযোগ-সুবিধার বিষয়টি যে যথেষ্ট উদ্বেগের, তা তাঁর বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে। এছাড়া হাসপাতালের অভ্যন্তরীণ সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া এবং ত্রুটিহীন করার নির্দেশও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষকে।

স্বাস্থ্যমন্ত্রীর এই হঠাত্‍ পরিদর্শনের খবর চাউর হতেই রোগীর পরিবার ও সাধারণ মানুষের একাংশ মুখ খুলতে শুরু করেছেন। দীর্ঘদিনের জমে থাকা নানা অভিযোগ এবং চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অনেকে ক্ষোভ উগরে দিয়েছেন। তবে আকস্মিক এই পরিদর্শনের পর রাজ্য স্বাস্থ্য প্রশাসনের টনক নড়বে এবং দ্রুত পরিষেবা উন্নত হবে বলেই আশা প্রকাশ করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। এখন দেখার, স্বাস্থ্যমন্ত্রীর এই করা বার্তার পর সংশ্লিষ্ট হাসপাতালগুলির পরিকাঠামো এবং চিকিৎসায় কতটা ইতিবাচক পরিবর্তন আসে।