বর্ষায় পাতে ছোট মাছের চচ্চড়ি? পুষ্টিগুণে ঠাসা এই রান্না ভাতের পাতে আনবে অমৃতের স্বাদ!

বর্ষার ঝিরঝিরে দুপুরে গরম ভাতের সাথে ছোট মাছের চচ্চড়ি যেন এক পরম তৃপ্তি। বড় মাছের স্বাদের চেয়ে ছোট মাছের পুষ্টিগুণ অনেক বেশি। ছোট মাছকে এক কথায় বলা যায় ‘সুপারফুড’। প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ‘এ’, ‘ডি’ এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভাণ্ডার হলো এই ছোট মাছ। হাড়ের ঘনত্ব বৃদ্ধি, দাঁতের সুরক্ষা এবং চোখের জ্যোতি বাড়াতে এর বিকল্প নেই। তাছাড়া অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা দূর করতে ছোট মাছের ভূমিকা অনন্য। জিঙ্ক, আয়োডিন ও ম্যাগনেসিয়ামে ভরপুর ছোট মাছ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও জাদুর মতো কাজ করে।
ছোট মাছের চচ্চড়ি তৈরির রেসিপি:
ঘরে থাকা সাধারণ মশলায় খুব সহজেই বানিয়ে নিতে পারেন জিভে জল আনা এই পদটি।
প্রয়োজনীয় উপকরণ (৩-৪ জনের জন্য):
ছোট মাছ (পুঁটি, মলা বা চাঁদা): ২৫০ গ্রাম
পেঁয়াজ কুঁচি: ২টি
রসুন বাটা: ১ চা চামচ
আদা বাটা: ১ চা চামচ
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ
কাঁচা লঙ্কা: ৪-৫টি (চিরে নেওয়া)
ধনেপাতা কুচি: পরিমাণমতো
সর্ষের তেল ও নুন: স্বাদমতো
ফোড়ন: সামান্য কালোজিরে বা মেথি
রান্নার পদ্ধতি:
১. প্রথমে ছোট মাছগুলো ভালভাবে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে ১০ মিনিট ম্যারিনেট করে রাখুন।
২. কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কালোজিরে বা মেথি ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভাজুন।
৩. পেঁয়াজ ভাজা হলে আদা-রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষান। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে মশলাটি ভালোভাবে তৈরি করুন।
৪. মশলা কষানো হয়ে গেলে মাছগুলো আলতো হাতে দিয়ে দিন। সাবধান থাকবেন যাতে মাছগুলো ভেঙে না যায়।
৫. এবার সামান্য জল দিয়ে ঢেকে মাঝারি আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন।
৬. রান্নার শেষ পর্যায়ে নামানোর ২-৩ মিনিট আগে কাঁচা লঙ্কা ও কুচানো ধনেপাতা ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন। ব্যাস, তৈরি ছোট মাছের সুস্বাদু চচ্চড়ি!