শিক্ষা ও অর্থমন্ত্রকে বড় পরিবর্তন! বাদ পড়তে পারেন একাধিক হেভিওয়েট মন্ত্রী?

কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের গুঞ্জন ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর থেকেই এই জল্পনা তুঙ্গে। বিশেষ করে সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ানের পদত্যাগ এই জল্পনাকে আরও জোরালো করেছে। আগামী বিধানসভা নির্বাচন, আঞ্চলিক ভারসাম্য ও শরিকি দলের দাবিদাওয়া মাথায় রেখে এই পরিবর্তনের পরিকল্পনা করছে বিজেপি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের রদবদলের কেন্দ্রবিন্দুতে রয়েছে মহারাষ্ট্র। শিবসেনার একনাথ শিন্ডে গোষ্ঠীর গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় শ্রীকান্ত শিন্ডে সহ একাধিক নেতার নাম মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির আলোচনায় উঠে আসছে। পাশাপাশি এনসিপির প্রফুল্ল প্যাটেল ও সুনীল তটক্রের নামও শোনা যাচ্ছে। অন্যদিকে, কিছু বিতর্কিত মন্ত্রকের দায়িত্বে থাকা ব্যক্তিদের পদত্যাগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে শিক্ষা ও অর্থমন্ত্রক নিয়ে বেশ কিছু জল্পনা বাজারে ঘুরছে। এমনকি রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের নামও নতুন অর্থমন্ত্রী হিসেবে ভেসে উঠছে।
বিজেপির ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির অধীনে বেশ কিছু মন্ত্রীকে সাংগঠনিক কাজে সরিয়ে দেওয়া হতে পারে। উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়ে নতুন মুখ আনা হতে পারে। সূত্রের খবর, আগামী ৫ জুলাই এই সম্ভাব্য রদবদল হতে পারে। যদিও সরকারিভাবে এখনও কিছু নিশ্চিত করা হয়নি। তবে মোদীর তৃতীয় কার্যকালে নতুন উদ্যমে সরকার পরিচালনার লক্ষ্যে এই পরিবর্তন অনিবার্য বলেই মনে করছে রাজনৈতিক মহল।