আয়ুষ্মান ভারতের আবেদন শুরু! ফর্ম পূরণের সময় কোন কোন নথি লাগবে?

নতুন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হলো কেন্দ্রীয় সরকারি প্রকল্প ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’-র আবেদন প্রক্রিয়া। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই এই যোজনার জন্য তথ্য যাচাই ও ফর্ম পূরণের কাজ শুরু হয়েছে।

আবেদন প্রক্রিয়া ও ফর্মের বিশেষত্ব: বর্তমানে পুরসভা ও পঞ্চায়েত স্তরে আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের ফর্ম সরবরাহ করছেন। এই ফর্মের বিশেষত্ব হলো, এতে আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, [Aadhaar Redacted], রেশন কার্ড নম্বর এবং ঠিকানা আগে থেকেই মুদ্রিত (Printed) থাকছে। ফলে আবেদনকারীদের নতুন করে এগুলি লেখার প্রয়োজন পড়ছে না।

ফর্ম পূরণের জন্য প্রয়োজনীয় তথ্য: আবেদনকারীদের ফর্মের নির্দিষ্ট অংশে নিচের তথ্যগুলি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে:

  • রেশন কার্ডের ধরণ: আপনার কার্ডটি AAY, SPHH নাকি PHH বিভাগের, তা নির্দিষ্ট করে টিক দিতে হবে।

  • পারিবারিক বিবরণ: পরিবারের মোট সদস্য সংখ্যা এবং আবেদনকারীর প্যান কার্ড নম্বর ও ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য (এপিক নম্বর, এসি নম্বর, পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর) পূরণ করতে হবে।

  • স্বাস্থ্যসাথীর তথ্য: যেহেতু রাজ্য সরকার পূর্বে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছিল, তাই আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম পূরণের সময় আবেদনকারীকে অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ডের URN নম্বর উল্লেখ করতে হবে।

প্রয়োজনীয় নথি (Documents): আবেদনপত্রটি জমা দেওয়ার সময় নিচে উল্লেখিত নথিগুলির স্ব-প্রত্যয়িত প্রতিলিপি (Xerox) সংযুক্ত করতে হবে: ১. [Aadhaar Redacted] কার্ডের কপি। ২. প্যান কার্ডের কপি। ৩. রেশন কার্ডের কপি। ৪. স্বাস্থ্যসাথী কার্ডের কপি।

জমা দেওয়ার নিয়ম: ফর্মটি যথাযথভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে আপনার এলাকার আশা কর্মীর সঙ্গে যোগাযোগ করুন। তারাই নির্দেশিত স্থানে ফর্মটি জমা নেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন। এরপর সরকার যাবতীয় তথ্য যাচাই করার পর আবেদনকারীকে এই যোজনার অন্তর্ভুক্ত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।