প্রাক্তনের সঙ্গে আত্মঘাতী হওয়ার ছক, মাঝপথে লাফ তরুণীর! এরপরই চলন্ত গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ

কর্নাটকের টুমাকুরুতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। শনিবার ৪৮ নং জাতীয় সড়কে সিরা তালুকের কাছে একটি চলন্ত অ্যাপ ক্যাব (Uber) বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল। এই ঘটনার মূল অভিযুক্ত নাগেন্দ্র (৩০) নামের এক যুবক, যে তার প্রাক্তন প্রেমিকাকে খুন করে নিজে আত্মঘাতী হওয়ার পরিকল্পনা করেছিল। ভাগ্যক্রমে, ওই তরুণী এবং ক্যাব চালক শেষ মুহূর্তে গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে গিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুতে ওটি টেকনিশিয়ান হিসেবে কর্মরত ওই তরুণীর সঙ্গে নাগেন্দ্রর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি তরুণী সম্পর্ক ভেঙে দিয়ে নাগেন্দ্রকে ফোনে ব্লক করে দেয়। এই বিচ্ছেদ মেনে নিতে পারেনি নাগেন্দ্র। শনিবার সকালে সে বেঙ্গালুরুর জয়নগরে তরুণীর ভাড়াবাড়িতে গিয়ে উপস্থিত হয় এবং জোরপূর্বক তাঁকে একটি অ্যাপ ক্যাবে তুলে নিয়ে যায়। তরুণীর নিখোঁজ হওয়ার খবর পেয়ে তাঁর অভিভাবকরা তৎক্ষণাৎ থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন।
গাড়িতে ওঠার পর থেকেই নাগেন্দ্র তরুণীকে লাগাতার হুমকি দিতে শুরু করে। সে জানায় যে, সে তরুণীকে মেরে নিজেও আত্মঘাতী হবে। পুলিশি তদন্তে জানা গেছে, সে আগে থেকেই গাড়িতে বিস্ফোরক মজুত করে রেখেছিল এবং যাত্রা পথে তরুণীকে সেই বিস্ফোরক দেখিয়ে ভয়ও দেখায়। আঙ্কোলার দিকে যাওয়ার পথে জোগীহিলের কাছে নাগেন্দ্র ছুরি নিয়ে ওই তরুণীর ওপর চড়াও হয়। এই পরিস্থিতিতে ক্যাব চালক দ্রুত গাড়ি থামিয়ে দেন। গাড়ির দরজা খুলতেই সাহসের পরিচয় দিয়ে তরুণী লাফ দিয়ে বাইরে বেরিয়ে যান। চালকও কোনোমতে নিজেকে বাঁচাতে গাড়ি থেকে নেমে পড়েন।
তরুণী ও চালক গাড়ি থেকে নামার কিছু মুহূর্তের মধ্যেই ক্যাবটিতে তীব্র বিস্ফোরণ ঘটে। নাগেন্দ্র গাড়ির ভেতরেই আটকে ছিল। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গাড়িটিকে গ্রাস করে নেয়। জীবন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয় নাগেন্দ্রর। ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। আহত অবস্থায় ক্যাব চালককে টুমাকুরু জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোল্লামবেলার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, নাগেন্দ্রর কাছে বিপুল পরিমাণে বিস্ফোরক ছিল। সে ইচ্ছাকৃতভাবেই এই বিস্ফোরণ ঘটিয়েছে। এই বিস্ফোরক সে কোথায় থেকে পেল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। একটি মামলা দায়ের করে পুলিশ ফরেনসিক রিপোর্ট ও বিস্ফোরকের ধরন খতিয়ে দেখছে। একতরফা প্রেমের করুণ পরিণতি ও এমন নৃশংস পরিকল্পনা দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।