পাটুলিতে আক্রান্ত টেলি অভিনেত্রী রূপালী রায়! ইভটিজিংয়ের প্রতিবাদে গর্জে উঠলেন অভিনেত্রী

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রূপালী রায় ভট্টাচার্য বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। শাসক দল বা বিরোধী—দলমত নির্বিশেষে অন্যায় দেখলে তিনি প্রতিবাদে মুখর হন। আর এবার সেই অন্যায়ের শিকার হলেন খোদ অভিনেত্রী। নিজের এলাকা পাটুলিতেই পরপর দুদিন হেনস্থা ও শারীরিক আক্রমণের শিকার হলেন তিনি। নিজের ফেসবুক পোস্টে এই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিনেত্রী প্রশ্ন তুলেছেন এলাকার বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
ফেসবুক পোস্টে রূপালী লিখেছেন, প্রায় চার বছর ধরে তিনি পাটুলিতে থাকছেন। এলাকাটি এতদিন অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরাপদ ছিল। কিন্তু গত এক মাস ধরে বাইরের কিছু যুবকের অস্বাভাবিক গতিবিধি ও অঙ্গভঙ্গি তাঁকে চিন্তিত করে তুলেছিল। গত বুধবার, ২৪ জুন সন্ধ্যায় হাঁটতে বেরোনোর সময় এক যুবক সাইকেল নিয়ে তাঁকে পিছু ধাওয়া করে। এরপর সে ইউ-টার্ন নিয়ে এসে রূপালীকে শারীরিকভাবে আক্রমণ (Physical Abuse) করে। রূপালীর প্রতিবর্ত ক্রিয়ায় নিজেকে বাঁচাতে গিয়ে তাঁর হাত কেটে যায় এবং আততায়ী দ্রুত পালিয়ে যায়। তিনি পাটুলি থানায় অভিযোগ জানাতে গিয়ে দেখেন, আরও এক তরুণী একই রকম ঘটনার শিকার হয়েছেন।
ঘটনার এখানেই শেষ নয়। শুক্রবার, ২৬ জুন সন্ধ্যায় ফের হেনস্থার শিকার হন অভিনেত্রী। পাটুলি টি-ব্লকের মাঠের পাশ দিয়ে ফেরার সময় এক সুইগি ডেলিভারি বয় তাঁর দিকে বাইক ঘুরিয়ে ইভটিজিংয়ের চেষ্টা করে। রূপালী সাহসের সঙ্গে এর প্রতিবাদ করলে ওই ডেলিভারি বয় তাঁকে হুমকি দিতে শুরু করে। অভিনেত্রী চিৎকার করে রুখে দাঁড়ালে এক টোটো চালক দাদা সাহায্যের জন্য এগিয়ে আসেন, যা দেখে ওই যুবক দ্রুত পালিয়ে যায়।
এই ঘটনার পর রূপালী সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দিয়েছেন। তিনি পাটুলির মেয়েদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে লিখেছেন, “পাটুলি আর আগের মতো নিরাপদ নেই।” রূপালীর ক্ষোভ, যারা ভাবছে সরকার বদলের পর বাংলার মেয়েরা তাদের জন্য সহজলভ্য, তাদের হুঁশিয়ার করে তিনি বলেন, বাংলার মেয়েরা এবং শিক্ষিত যুবকরা এখনও অপরাধীদের উচিত শিক্ষা দিতে সক্ষম। তিনি সব ধর্মের ও রাজনৈতিক মতাদর্শের মানুষকে একজোট হয়ে ইভটিজারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন। রূপালীর এই সাহসিকতাকে নেটিজেনরা কুর্নিশ জানালেও, এলাকায় ক্রমবর্ধমান অপরাধ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনা দুটির তদন্ত শুরু করেছে।