কালীচরণ তো বটেই, ফিরহাদকেও গ্রেফতার করুক পুলিশ! তারাতলা নিয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা

তারাতলা গুদাম ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ হওয়ার পরেই রাজনৈতিক পারদ তুঙ্গে। এবার এই ভয়াবহ বিপর্যয়ের দায় সরাসরি চাপালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার এক ভিডিও বিবৃতিতে অগ্নিমিত্রা পাল সরাসরি কলকাতার প্রাক্তন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমকে নিশানা করে তাঁকে গ্রেফতারের দাবি তুলেছেন।

মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম আমরা শুনছি, যিনি ফিরহাদ হাকিমের ওএসডি হিসেবে পরিচিত ছিলেন এবং পুরসভার অন্দরমহলে যাঁর দাপট ছিল। যদি কালীচরণকে গ্রেফতার করা হয়, তবে ফিরহাদ হাকিম কেন তদন্তের বাইরে থাকবেন? তারাতলার ওই বিতর্কিত গুদামের নকশায় তো ফিরহাদ হাকিমের সই রয়েছে। তাহলে আপনি কেন দায় এড়াবেন?” অগ্নিমিত্রার এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই অভিযোগ করেছিলেন যে, তৃণমূল সরকারের আমলে টাকার বিনিময়ে নিরাপত্তার সঙ্গে আপস করে বহুতল নির্মাণের অনুমতি দেওয়া হতো। বিধানসভাতেও মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে, ২০২৬ সালের ১৭ জানুয়ারি যে ত্রুটিপূর্ণ প্ল্যান অনুমোদিত হয়েছিল, তাতে ফিরহাদ হাকিমের স্বাক্ষর ছিল। সেই প্রসঙ্গ টেনেই অগ্নিমিত্রা পাল বলেন, “আপনার আমলের এই ত্রুটিযুক্ত অনুমোদনের কারণেই আজ এতগুলি পরিবার ধ্বংস হয়ে গেল। মানুষ আপনার জবাব চাইছে।”

তদন্তের স্বচ্ছতা নিয়ে মন্ত্রী বলেন, “আগের সরকারের আমলে বহু ‘সিট’ (SIT) গঠিত হতো, কিন্তু তদন্তের ফলাফল কোনোদিন প্রকাশ্যে আসত না। আমাদের সরকারের গঠন করা সিট তেমনটা করবে না। এই তদন্তে যা উঠে আসবে, তা বাংলার মানুষ জানবে এবং দোষীরা কঠোর শাস্তি পাবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

অগ্নিমিত্রার এই দাবি ঘিরে ফিরহাদ হাকিম বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারাতলা কাণ্ড এখন নিছক দুর্ঘটনা নয়, বরং প্রশাসনিক দুর্নীতির এক বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। সরকারের তরফে এই ঘটনাকে ‘পাপের ফল’ হিসেবে চিহ্নিত করে যেভাবে প্রাক্তন মেয়রের সরাসরি ইন্ধনের কথা বলা হচ্ছে, তা আগামী দিনে আইনি জটিলতাকে আরও বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।