বিজেডি-তে যোগ দিলেন প্রাক্তন আইএএস সুজাতা কার্তিকেয়ন, মাস্টারস্ট্রোক নবীন পট্টনায়েকের!

ওড়িশার রাজনীতিতে বড়সড় পরিবর্তন। বিজু জনতা দলের (বিজেডি) সভাপতি নবীন পট্টনায়েকের উপস্থিতিতে দলে যোগ দিলেন প্রাক্তন আইএএস অফিসার সুজাতা রাউত কার্তিকেয়ন। নবীন পট্টনায়ক তাঁর এই নতুন সহযোগীকে দলের একজন সাধারণ সদস্য হিসেবে স্বাগত জানিয়েছেন। প্রাক্তন এই আমলার দীর্ঘ ২৪ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা, বিশেষ করে নারীকল্যাণ ও ক্ষমতায়ন প্রকল্পে তাঁর কাজের দক্ষতা দল ও রাজ্যবাসীর উপকারে আসবে বলে নবীন আশা প্রকাশ করেছেন।

দলে যোগ দেওয়ার পর সুজাতা কার্তিকেয়ন জানান, গত দুই দশকেরও বেশি সময় ধরে নবীন পট্টনায়েকের দূরদর্শী নেতৃত্বে কাজ করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। আমলাজীবন থেকে রাজনীতির আঙিনায় পা রাখা প্রসঙ্গে তিনি বলেন, এটি রাজ্যের মানুষের সেবা করার জন্য তাঁর কাছে এক নতুন সুযোগ। তিনি জগন্নাথ দেবের আশীর্বাদ ও মানুষের ভালোবাসাকে পাথেয় করে আগামী দিনে ওড়িশার উন্নয়নের স্বার্থে নিজের সর্বস্ব দিয়ে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নবীনের এই সিদ্ধান্তকে রাজনীতিক মহলে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।